বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ দেশে ঋণের বোঝা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে, বাছবিচারহীনভাবে বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ হলে তা দেশে ঋণের বোঝা বাড়িয়ে দেয়। বাংলাদেশেও এখন যেভাবে এ খাতকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তা দেশকে আরও বেশি ঋণগ্রস্ত করবে।গত রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অধিকারভিত্তিক সংগঠনগুলোর এক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। একশন এইড বাংলাদেশ, ইকুইটিবিডি, জুবিলি সাউথ, সুপ্র, ভয়েস, মিডিয়া অ্যান্ড ট্রেড ফাউন্ডেশন এবং উন্নয়ন অন্নেষণের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভায় ফিলিপাইনের লিডি নেকপিল তাঁর দেশে বিদ্যুৎ খাত বেসরকারীকরণের বর্তমান অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় বাংলাদেশ বিষয়ে মূল বক্তব্য দেন ইকুইটিবিডির সৈয়দ আমিনুল হক। উন্নয়ন অন্নেষণের ট্রাস্টি রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইকুইটিবিডির মো. সামসুদ্দোহা, এমএফটিডির ফারুক আহমেদ ও ভয়েসের ফারজানা আকতার। ইকুইটিবিডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।জুবিলি সাউথ তথা বিশ্বব্যাপী দেনাবিরোধী আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কারী লিডি নেকপিল বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ একটি অপরিহার্য মৌলিক সেবা। কিন্তু বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ফিলিপাইনসহ এশিয়ার অন্যান্য দেশকে বিদ্যুৎ খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার এবং সেখানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য সরকারগুলোকে ক্রমাগত চাপ দিচ্ছে। লিডি আরও বলেন, অনেক দেশ ইতিমধ্যে তাদের বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণ করেছে। সেখানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক বিনিময়ের ঝুঁকি হ্রাস, জ্বালানি ক্রয়মূল্যের সমতা নিশ্চিতকরণ ইত্যাদিসহ নানা রকম সুবিধা প্রদান করছে। অথচ এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ। যার ফলে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে। লিডি নেকপিল জানান, এ ধরনের চুক্তির ফলে বিদ্যুৎ ক্রয় না করেই ফিলিপিন সরকারকে ৪০ শতাংশ বেশি অর্থ কোম্পানিগুলোকে দিতে হচ্ছে, যা সরকারের দেনা বাড়াচ্ছে। ইকুইটিবিডির সৈয়দ আমিনুল হক বলেন, ২০০৩ থেকে ২০০৯ সাল সময়কালে সরকার শুধু পেট্রোলিয়াম ক্রয়ে ভর্তুকি বাবদ ৩১৩ কোটি ডলার খরচ করেছে। অথচ এই অর্থ দিয়ে সরকার নিজেই প্রায় ১৪০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারত। রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশ্বব্যাংকের প্রতিবেদন উল্লেখ করে বলেন, ভারতে বিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি অংশীদারির ক্ষেত্রে মাত্র ১৬ শতাংশ বেসরকারি বিনিয়োগ।তিতুমীর বলেন, বর্তমান বাংলাদেশ সরকার বিদ্যুৎ খাতে বেসরকারি অংশগ্রহণের যে পরিকল্পনা করেছে তা ভবিষ্যতে দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। তিনি বিদ্যুৎ খাতে তহবিল সংগ্রহের জন্য সরকারি বন্ড ছাড়ার পরামর্শ দেন।