বিদ্যুৎ খাতের যন্ত্রে স্বনির্ভরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দেশের বেশির ভাগ বৈদ্যুতিক ট্রান্সফরমারই আমদানি করা হতো। তবে অবস্থা পাল্টেছে। দেশীয় একাধিক প্রতিষ্ঠান এখন বিভিন্ন ধরনের ট্রান্সফরমার তৈরি করছে।
শুধু ট্রান্সফরমারই নয়, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রায় সবটাই এখন দেশে তৈরি হচ্ছে। এ কাজে এগিয়ে এসেছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। ফলে এসব যন্ত্রপাতি উৎপাদন এখন সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। এই খাতকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তারা চান সরকারি কিছু নীতি-সহায়তা।
দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার (সাধারণ, কারেন্ট ও ভোল্টেজ ট্রান্সফরমার), হাই টেনশন ও লো টেনশন সুইচগিয়ার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট (পিএফআই) প্লান্ট, বাসবার ট্রাংকিংসহ (বিবিটি) নানা ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি (যেগুলো উপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যবহূত হয়) তৈরি হচ্ছে। একসময় এসব যন্ত্রপাতির প্রায় পুরোটাই আমদানি হতো।
এই খাতের উদ্যোক্তাদের মতে, দেশে প্রতিবছর যত উপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়, তার ৬০ শতাংশই হয় গ্রাহক পর্যায়ে। বাকি ৪০ শতাংশ হয় সরকারি পর্যায়ে।
গ্রাহক পর্যায়ে উপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি দেখে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয়। যেসব প্রতিষ্ঠান উপবিদ্যুৎকেন্দ্র বানায়, তাদের এখান থেকে লাইসেন্স নিতে হয়। দেশে এমন লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে ২০০-এর বেশি। এদের মধ্যে সরকারের আন্তর্জাতিক দরপত্রেও অংশ নেয় ৫০টির মতো প্রতিষ্ঠান। কার্যালয়ের কর্মকর্তারা জানান, লাইসেন্সবিহীন বেশ কিছু প্রতিষ্ঠানও বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদন করছে।
দেশে ট্রান্সফরমার, সুইচগিয়ারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির বাজার কত বড়, সে বিষয়ে স্বীকৃত তথ্য পাওয়া যায়নি। তবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছে একটি হিসাব পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর এসব যন্ত্রপাতির বাজার এক হাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকার। এর মধ্যে এনার্জিপ্যাকের বাজার ৪৯০ কোটি টাকার।
বৈদ্যুতিক উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বসানো উপবিদ্যুৎকেন্দ্রগুলোতে যেসব ট্রান্সফরমার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহূত হয়, তার ৯৯ শতাংশই দেশীয় উদ্যোক্তাদের তৈরি।
একসময় শুধু সরকারি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি (জিইএম) এসব সরঞ্জাম তৈরি করত। বেসরকারি খাতের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এনার্জিপ্যাক ১৯৮৬ সালে ট্রান্সফরমার তৈরি শুরু করে। আর এখন প্রতিষ্ঠানটি ট্রান্সফরমার, সুইচগিয়ারসহ নানা সরঞ্জাম রপ্তানিও করছে।
এই রপ্তানিটা হয় দুভাবে। প্রথমত, সরাসরি বিদেশে রপ্তানি। দ্বিতীয়ত, দেশে নির্মাণাধীন বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের দরপত্রে অংশ নিয়ে সেখানে এসব সরঞ্জাম সরবরাহ করা। একেও রপ্তানি ধরা হয়। এর নাম প্রচ্ছন্ন রপ্তানি। এনার্জিপ্যাক ২০১৩ সালে সরাসরি ১২ লাখ ডলারের যন্ত্রপাতি রপ্তানি করেছে। রপ্তানি হয়েছে সুদান, ইয়েমেন, নাইজেরিয়া, ভারত ও নেপালে । আর প্রচ্ছন্ন রপ্তানির পরিমাণ ছিল ৭৮ লাখডলার।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা একসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ট্রান্সফরমার মেরামত করতাম। সেখান থেকে ধীরে ধীরে ট্রান্সফরমার তৈরি শুরু করি। এখন আমরা রপ্তানিও করছি।’
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সংস্থা পিডিবি, আরইবি, ডিপিডিসি ও ডেসকো বিভিন্ন প্রকল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে থাকে। এসব দরপত্রে একসময় ভারত, চীনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিয়ে যন্ত্রপাতি সরবরাহ করত। দেশীয় অনেক প্রতিষ্ঠানই এখন দরপত্রে অংশ নিচ্ছে এবং নিয়মিতই যন্ত্রপাতি সরবরাহ করছে।
মালামাল সরবরাহের এই কাজটিকে এত দিন রপ্তানি হিসেবে গণ্য করা হতো না। ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে একই সঙ্গে অধিক হারে মূসক এবং অগ্রিম কর দিতে হতো।
তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশের ভেতরে পণ্য সরবরাহকে রপ্তানি হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে।
মূসক আইনে এ ঘোষণা দেওয়ায় উদ্যোক্তাদের আগের মতো ৫ দশমিক ৫ শতাংশ হারে মূসক দিতে হচ্ছে না। তবে ৫ শতাংশ অগ্রিম কর দিতেই হচ্ছে।
এনার্জিপ্যাকের হুমায়ুন রশীদ বলেন, মূসক ও অগ্রিম কর—দুই ক্ষেত্রেই দেশে যন্ত্রপাতি সরবরাহকে রপ্তানি গণ্য করা উচিত। তাঁর দাবি, রপ্তানি গণ্য করা হলে বর্তমানে ৩৭ দশমিক ৫ শতাংশ হারে যে করপোরেট কর দিতে হচ্ছে, সেটাও অর্ধেকে নেমে আসবে।
দেশে বিদ্যুৎ খাতের যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএনএস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করীম প্রথম আলোকে বলেন, ‘মূসক আর করই আমাদের বড় সমস্যা। আমরা যে সরঞ্জাম তৈরি করি, তার কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশের বেশি শুল্ক দিতে হয়। পণ্য তৈরির পর ১৯ শতাংশ মূসক (৪ শতাংশ সাপ্লায়ার্স ভ্যাট) দিতে হয়। এত কিছুর পর যা মুনাফা হয়, তার ৩৭ দশমিক ৫ শতাংশই আয়কর হিসেবে দিতে হয়। তাহলে আমরা ছোট প্রতিষ্ঠানগুলো কীভাবে টিকে থাকব?’ তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন বিদ্যুৎ খাতের পণ্য তৈরি করছে এবং এর কারণে এসব পণ্য আমদানি করতে হচ্ছে না, তাই দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহায়তা দেওয়া উচিত।
বর্তমানে বিদ্যুৎ খাতের এসব যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহূত কাঁচামাল, যেমন: প্রি-পেইন্টেড স্টিল শিটে ২৫ শতাংশ শুল্ক, কপার বার ও অ্যালুমিনিয়াম বারে ১০ শতাংশ, সুপার এনামেল্ড অ্যালুমিনিয়াম ওয়্যারে ২৫ শতাংশ, ট্রান্সফরমাস পার্টসে ৩০ শতাংশ, অন্যান্য সুইচে ৩০ শতাংশ শুল্ক দিতে হয়। সব ক্ষেত্রেই শুল্কহার ৫ শতাংশ করার দাবি উদ্যোক্তাদের।
বিদ্যুৎ সরবরাহের জন্য তারের বিকল্প হিসেবে এখন বাসবার ট্রাংকিং-ব্যবস্থা (বিবিটি) ক্রমেই জনপ্রিয় হচ্ছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি কম থাকায় কমপ্লায়েন্সের অংশ হিসেবে পোশাক কারখানায় এটি ব্যবহারও হচ্ছে। এই বিবিটি ফ্রান্স, মালয়েশিয়া, ইতালি, তুরস্ক থেকে আমদানি হচ্ছে। এনার্জিপ্যাক এটি তৈরি শুরু করেছে।
হুমায়ুুন রশীদ বলেন, মাত্র ২ শতাংশ শুল্ক দিয়ে সম্পূর্ণ তৈরি বিবিটি আমদানি করা যায়। তাহলে কেন দেশীয় উদ্যোক্তারা এটি তৈরি করবেন। দেশীয় শিল্পের স্বার্থে এই পণ্যটি আমদানিতে ১২ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন তাঁরা।

বিদ্যুৎ খাতের যন্ত্রে স্বনির্ভরতা
বিদ্যুৎ খাতের যন্ত্রে স্বনির্ভরতা


উৎপাদনকারী প্রতিষ্ঠান

 ২০০-এর বেশি লাইসেন্সধারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে
 ৫০টির মতো প্রতিষ্ঠান সরকারের আন্তর্জাতিক দরপত্রেও অংশ নেয়
 ৯৯ শতাংশ যন্ত্রপাতি (গ্রাহকপর্যায়ে বসানো উপবিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহূত) দেশীয় উদ্যোক্তাদের তৈরি
সূত্র: বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয়

ট্রান্সফরমার ও সুইচগিয়ারে স্থানীয় উদ্যোক্তাদের হিস্যা

এনার্জিপ্যাক
৪৮%
অন্যান্য
৫২%
বাজার
১০০০-১২০০ কোটি
টাকার বাজার বছরে

রপ্তানি
প্রথমত, সরাসরি বিদেশে রপ্তানি দ্ব্বিতীয়ত, দেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের দরপত্রে অংশ নিয়ে যন্ত্রপাতি সরবরাহ
(এটা প্রচ্ছন্ন রপ্তানি)
দাবি
আগামী বাজেটে প্রণোদনা হিসেবে কর-মূসক ছাড়