বিদ্যুৎ প্রকল্পের চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ নয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
নুরুল করিম জানান, নারায়ণগঞ্জের পাগলায় ডিজেলচালিত ৫০ মেগাওয়াট এবং নরসিংদীর ঘোড়াশালে গ্যাসভিত্তিক ৭৮ দশমিক ৫০ মেয়াগওয়াট বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর করে বাড়ানো হয়েছে। কেন্দ্র দুটির ট্যারিফ হারও পুনর্নির্ধারণ করেছে সরকার। ট্যারিফ হার আগের চেয়ে কিছুটা কমানো হয়েছে।
সৌদি আরব থেকে অ্যারাবিয়ান লাইট অপরিশোধিত তেল এবং আবুধাবি থেকে মারবান অপরিশোধিত তেল আমদানির দর প্রস্তাবও ক্রয় কমিটি অনুমোদন করেছে বলে জানান নুরুল করিম।
এ ছাড়া কোরিয়া এক্সিম ব্যাংকের সরল ঋণ সুদ সহায়তায় উপজেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তি শিক্ষাকেন্দ্রের পরামর্শক নিয়োগ, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধরলা নদীর ওপর ৯৫০ মিটার সেতুর জন্য নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন, খুলনা পানি সরবরাহ প্রকল্পের আওতায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ইম্পাউন্ডিং রিজার্ভার নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ৪৫ কোটি টাকা ব্যয়ের ৩৫টি বিদ্যুতের ট্রান্সফরমার ক্রয়ের পাঁচটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায়: ২৪টি নৌপথ)’ শীর্ষক প্রকল্পের বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পাথরঘাটার ৯৬ কোটি ২৬ লাখ টাকার কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ কাজ পেয়েছে বসুন্ধরা ড্রেজিং কোম্পানি লিমিটেড।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ডসংলগ্ন নদীতীর প্রতিরক্ষামূলক কাজের চুক্তিমূল্যের অতিরিক্ত কাজের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। আগের ৯৬ কোটি টাকা থেকে তা বেড়ে হয়েছে ১০৮ কোটি টাকা।