বিদ্যুৎ-বিপর্যয়ে চা প্রক্রিয়াকরণ ব্যাহত
ঘন ঘন বিদ্যুৎ-বিপর্যয়ের কারণে মৌলভীবাজার জেলার জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন চা-বাগানে চা প্রক্রিয়াকরণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যে কারণে বাগানগুলোতে উত্তোলিত চা-পাতা পচে নষ্ট হচ্ছে। আবার অনেক বাগান চা-পাতা চয়ন বন্ধ রেখেছে।বাগানের মালিক ও কর্মকর্তারা জানান, কোনো কোনো দিন চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। আবার কোনো কোনো দিন বিদ্যুৎ থাকেই না, যে কারণে চা প্রক্রিয়াকরণ ও বাগানে চয়নের কাজ ব্যাহত হচ্ছে। এতে চা-পাতার গুণগত মান কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে চলতি বছরে অনেক চা-বাগানেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে তাঁরা আশঙ্কা করেন। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর।আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, গত এপ্রিল মাসে বড়লেখার চা-বাগান এলাকায় মোট ২৭২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এখন চা-পাতা চয়নের মৌসুম হলেও বিদ্যুতের সংকটের কারণে তা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় কোনো কোনো বাগান জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের চেষ্টা করছে।বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজান আখন্দ সম্প্রতি প্রথম আলোকে বলেন, এবারে চায়ের উৎপাদন ভালো হয়েছে। কিন্তু ভয়াবহ বিদ্যুতের সংকটের কারণে যথাযথভাবে প্রক্রিয়াকরণের কাজ করা যাচ্ছে না।পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক অবিলাশ চন্দ্র পাল বলেন, ‘সারা দিন চেষ্টা করে লাইন ঠিক করি। কালবৈশাখী হয়। আবার লাইন বন্ধ হয়ে যায়।’জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গত এপ্রিল মাসে জুড়ী উপজেলায় ৩৪৩ ঘণ্টা বিদ্যুৎ ছিল না বলে বিভিন্ন চা-বাগানের মালিক ও কর্মকর্তারা অভিযোগ করেছেন। সোনারুপা চা-বাগানের ব্যবস্থাপক শফিকুর রহমান জানান, প্রক্রিয়াজাত করতে না পারায় তাঁদের কোম্পানির প্রায় দেড় লাখ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়েছে।বিদ্যুৎ-বিপর্যয়ের সত্যতা স্বীকার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যাপ্ত লোকবল নেই। এ ছাড়া কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ উৎস লাইনটি টিলা ও হাওরের ওপর দিয়ে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ত্রুটি খুঁজে বের করতে ও মেরামতকাজে প্রচুর সময় লেগে যায়। তাই মাঝেমধ্যে গ্রাহকেরা দুর্ভোগে পড়েন।’