বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় ও মূসক অব্যাহতির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে দেশে আলুর ফলন ভালো হয়েছে। কিন্তু অনেক চাষিই তাঁদের উৎপাদিত আলু হিমাগারে রাখতে আগ্রহী হচ্ছেন না। কারণ, এ বছর হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো হয়েছে। এতে প্রতি কেজি আলু সংরক্ষণে এখন চাষিদের আগের চেয়ে ৫০ পয়সা বেশি ভাড়া দিতে হচ্ছে।এটিই এখন দেশের ৪০০ হিমাগারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, সম্ভাবনাময় এ শিল্প খাতটি দেশে অল্প সময়ের মধ্যেই বিকশিত হয়েছে। কিন্তু দফায় দফায় বিদ্যুৎ ও ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাঁদেরও আলু সংরক্ষণের ভাড়া বাড়াতে হয়েছে। এতে কৃষকেরা হিমাগারে আলু রাখতে আগ্রহ হারাচ্ছেন। পরিণতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিমাগারমালিকেরা।এ অবস্থায় আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে হিমাগারশিল্পে ব্যবহূত বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় (রেয়াত) ও বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি।সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার কোল্ডস্টোরেজে আগে যেখানে বিদ্যুৎ বিল ও ডিজেল খরচ বাবদ প্রতি মাসে চার থেকে আট লাখ টাকা ব্যয় হতো, এখন তা বেড়ে ১৮ থেকে ২০ লাখ টাকা হয়। এ পরিস্থিতিতে সরকারের নীতিসহায়তা না পেলে হিমাগার চালানো মুশকিল হয়ে পড়বে।’হিমাগারমালিকদের অভিযোগ, বিদ্যুৎ ছাড়া হিমাগারের প্রয়োজনীয় সরঞ্জাম পরিচালনা করা সম্ভব নয়। আলু থেকে প্রক্রিয়াজাত ও উৎপাদিত খাদ্য (যেমন—ফ্লেক্স, চিপস, ফেঞ্চ ফ্রাই ইত্যাদি) প্রস্তুতকারী শিল্পকে বিদ্যুৎ বিলের ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সরকারি সংস্থা বিএডিসির আওতাভুক্ত ১৭টি হিমাগারও অনেক আগে থেকেই এ সুবিধা পাচ্ছে। কিন্তু কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণকারী হিমাগারগুলো তা পাচ্ছে না।হিমাগারশিল্প দেশের একটি কৃষিভিত্তিক শিল্প। সমিতির অভিযোগ, জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখলেও এ খাত কৃষিভিত্তিক অন্যান্য খাতের মতো সুবিধা পাচ্ছে না।সে কারণে হিমাগারশিল্পকে কৃষিভিত্তিক শিল্পের সব সুবিধা প্রদানের প্রস্তাব করেছে সংগঠনটি। বিশেষ করে, ব্যাংকঋণের (প্রকল্প ঋণ ও চলতি ঋণ) সুদের হার কমিয়ে এক অঙ্কের ঘরে (সর্বোচ্চ ৫ শতাংশ) নির্ধারণের প্রস্তাব করেছে এ সমিতি। হিমাগারমালিকদের দাবি, ঋণের উচ্চ সুদহার, বিদ্যুৎ বিলের উচ্চহার, ডিজেলের উচ্চমূল্যসহ আরও কয়েকটি কারণে এই খাত ক্রমান্বয়ে রুগ্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে তাঁরা বলছেন, গত কয়েক বছর দেশে আলুর বাম্পার ফলন হওয়ার পরও প্রায় ৩০টি হিমাগার বন্ধ ছিল। এ ছাড়া দেশে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত শতভাগ রপ্তানিমুখী চারটি পটেটো ফ্লেক্স শিল্পকারখানা বন্ধ রয়েছে। এগুলো চালু থাকলেও বছরে অন্তত পাঁচ লাখ টন আলুর ব্যবহার নিশ্চিত করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো।এ ছাড়া এই শিল্পের পরিচালন ব্যয়, খুচরা যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি ও নিজেদের মধ্যে অস্বাভাবিক প্রতিযোগিতার কারণে অধিকাংশ হিমাগারই পূর্ণধারণক্ষমতায় আলু সংরক্ষণ করতে পারছে না। সে জন্য হিমাগারগুলোর রুগ্ণ হওয়ার কারণ উদ্ঘাটন করে এ শিল্প খাতকে আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। দেশে ১০ বছরে হিমাগারের সংখ্যা দেড় গুণ বেড়েছে। বছর দশেক আগেও দেশে যেখানে হিমাগার ছিল আড়াই শ, বর্তমানে তা বেড়ে ৪০০টিতে দাঁড়িয়েছে। আরও পাঁচটি হিমাগার নির্মাণাধীন রয়েছে। এসব হিমাগার বছরে ৪২ লাখ টন আলু সংরক্ষণ করতে সক্ষম। পাশাপাশি হিমাগারে এখন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি ও ফলমূল এবং ফলের রস সংরক্ষণ করা হয়।