বিদ্যুৎ-সংকটে কিশোরগঞ্জ বিসিকে সব শিল্পকারখানা বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র বিদ্যুৎ-সংকটের কারণে কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরের উৎপাদন কার্যক্রমে বিপর্যয় দেখা দিয়েছে। ছোটবড়-নির্বিশেষে এখানকার প্রায় সব শিল্পপ্রতিষ্ঠানই এখন বন্ধ হওয়ার পথে রয়েছে। এতে ১৫টি প্রতিষ্ঠানের প্রায় ৭০ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।এ ছাড়া নতুন করে গড়ে ওঠার প্রক্রিয়ায় থাকা আরও প্রায় ২০টি শিল্পপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, এসব প্রকল্পের উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ না থাকায় আগাবেন কি আগাবেন না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বলে জানান।বিসিক ও উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, এই শিল্পনগরের ইতিমধ্যে প্রায় ৭০ কোটি টাকা বিনিয়োগে ১৫টি শিল্প-ইউনিট গড়ে উঠেছে। যেখানে কর্মসংস্থান হয়েছে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর। কিন্তু অধিকাংশ সময়ই বিদ্যুতের সরবরাহ না পাওয়ায় শিল্প-ইউনিটগুলো আংশিকভাবে চালু রয়েছে এবং পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। এতে প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন উদ্যোক্তারা।এখানকার উল্লেখযোগ্য শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিকাশ ফুড ইউনিট-২, তানিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, হোসেন পেপার অ্যান্ড বোর্ড মিল, থ্রি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সুবোধ ব্যাটারি অ্যান্ড ফ্যান ফ্যাক্টরি, সুবোধ ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরি, এমিগো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সানি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, জননী প্লাস্টিক প্রোডাক্টস, বিকাশ ফুড ইন্ডাস্ট্রিজ ও এম এম খান ব্রেড ইত্যাদি।বিসিক শিল্পনগরের সাধারণ সম্পাদক ও এমিগো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদ সালাহউদ্দিন সাগর প্রথম আলোকে জানান, প্রয়োজনের তুলনায় মাত্র দশ ভাগ বিদ্যুৎ পাওয়ার কারণে তাঁর শিল্পপ্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে। তিনি জানান, গত দুই বছরে জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত অন্তত ছয়টি সভায় পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক দৈনিক ১২ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি।বিসিক শিল্পনগরের ব্যবসায়ী সমিতির সভাপতি ও থ্রি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী তানভীর আহমেদ প্রথম আলোকে জানান, চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ না পাওয়ায় তাঁর প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিককে কাজে লাগানো যাচ্ছে না এবং ড্রাইসেল ব্যাটারি, কয়েল, কলম ও মোমবাতি প্রভৃতি পণ্য তৈরির কাজ বন্ধ রয়েছে।তানভীর আহমেদ আরও বলেন, এ ব্যাপারে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার বৈঠক করে দৈনিক মাত্র ছয় ঘণ্টা বিদ্যুৎ-সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানানো হলেও তিনি কিছুই করতে পারছেন না।বিকাশ ফুডের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যুৎ-সংকটের কারণে তাঁদের প্রতি মাসেই লোকসান দিতে হচ্ছে।কিশোরগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎ-সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত একাধিক সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। তাতেও বিদ্যুৎপরিস্থিতির কোনো উন্নতি হয়নি।এদিকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়ারিদ প্রথম আলোকে জানান, ‘বিদ্যুতের সমস্যার কারণে শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এ কথা সত্য। বিসিকে বেশি বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করছি। এ লক্ষ্যে একটি সাবস্টেশন স্থাপনের কাজ এখন চলছে। এটা সফল হলে, আশা করি সংকট কেটে যাবে।’