বিদ্যুৎ-সংকটে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদন বিপর্যয়
ভয়াবহ লোডশেডিং তথা বিদ্যুৎ-সংকটের কারণে চলতি রমজান মাসে সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল পাওয়ার গ্রিডের আওতাধীন পাঁচটি উপজেলার তাঁতশিল্পে উৎপাদন-বিপর্যয় দেখা দিয়েছে। সেই সঙ্গে প্রায় সোয়া লাখ গ্রাহকও সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন। শিয়ালকোল পাওয়ার গ্রিডের আওতায় সিরাজগঞ্জের পাঁচটি উপজেলায় লক্ষাধিক পাওয়ারলুম বা তাঁত রয়েছে। এ ছাড়া একটি ফিশ ও একটি মসলাশিল্প এবং দুটি টেক্সটাইল মিলও আছে এর আওতায়।তাঁতিরা জানান, সারা বছর রমজানের ঈদ উপলক্ষে তাঁদের সবচেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রি হয়ে থাকে। কিন্তু এবার তীব্র বিদ্যুৎ-সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (আরইবি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শিয়ালকোল পাওয়ার গ্রিড থেকে পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) মাধ্যমে বঙ্গবন্ধু সেতুসহ সিরাজগঞ্জ সদর (পৌর শহর ব্যতীত), রায়গঞ্জ, কাজীপুর, কামারখন্দ, তাড়াশ ও বেলকুচি (তামাই গ্রাম) উপজেলার তাঁতশিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় পিকআওয়ার তথা সর্বোচ্চ চাহিদার সময় ৩২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ১০ মেগাওয়াট। এ ছাড়া দিন-রাত নির্বিশেষে ৩০ মিনিট করে বিদ্যুৎ সরবরাহের পর দুই থেকে তিন ঘণ্টা করে টানা লোডশেডিং চলে।অন্যদিকে পিডিবি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করে। পিকআওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় মাত্র ৯ মেগাওয়াট।তামাই গ্রামের তাঁতের মালিক সুমন জানান, এই গ্রামে ২০ হাজার পাওয়ারলুম বা তাঁত রয়েছে। বর্তমানে সারা দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। যে কারণে তাঁতিদের অধিকাংশ সময়ই পাওয়ারলুম বা তাঁতগুলো বন্ধ রাখতে হচ্ছে।পল্লী বিদ্যুৎ সমিতির একটি সূত্রমতে, পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) চেয়ে পিডিবির আওতায় শিল্পপ্রতিষ্ঠান কম হলেও সেখানে বিদ্যুতের সরবরাহ বেশি। এই বৈষম্যের কারণ পিবিএসের আওতাধীন সাধারণ গ্রাহক ও তাঁতসহ অন্য শিল্পগুলোতে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। এতে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি শিল্পগুলোতে যেমন উৎপাদন কমে গেছে, তেমনি সমিতির রাজস্ব আয়ও কমে যাচ্ছে। পরিণতিতে পিবিএস লোকসানমুখী হয়ে পড়ছে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহীদুজ্জামান বলেন, বিদ্যুৎ বণ্টনে বৈষম্যের কারণে গ্রাহকেরা প্রতিনিয়ত ভাঙচুর করছেন। এমনকি সমিতির কর্মকর্তা-কর্মচারীদেরও লাঞ্ছিত করছেন। বৈষম্য দূর হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।এ প্রসঙ্গে পিডিবির পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এই অঞ্চলের লোড-ব্যবস্থাপনা কমিটির প্রধান আবদুল লতিফ খান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ বণ্টন করা হয়ে থাকে। যখন যে বরাদ্দ পাওয়া যাচ্ছে সেভাবেই এ অঞ্চলে বিদ্যুৎ বণ্টন করা হচ্ছে। এখানে আমার কিছু করার নেই।’