বিদ্যুৎ-সংকটে সৈয়দপুরে শিল্প উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের শিল্পাঞ্চল খ্যাত সৈয়দপুরে এখন বিদ্যুতের ভয়াবহ সংকট চলছে। প্রায় প্রতিদিনই ছয় থেকে সাত ঘণ্টা লোডশেডিং থাকে। যে কারণে কলকারখানার উৎপাদন যেমন চরমভাবে ব্যাহত হচ্ছে, তেমনি আবাসিক গ্রাহকেরাও ভোগান্তিতে পড়ছেন।এদিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় স্থানীয় ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটিও সপ্তাহ খানেক ধরে বন্ধ রয়েছে, যা সংকটকে প্রকট করে তুলেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, সৈয়দপুরে ইতিমধ্যে দুই শতাধিক মাঝারি শিল্পকারখানা গড়ে উঠেছে। এর ওপর রয়েছে একটি বিসিক শিল্পনগর। সব মিলিয়ে শহরটিতে বর্তমানে দুই হাজারেরও বেশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প আছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কর্মকর্তারা জানান, সৈয়দপুরে শিল্প-বাণিজ্য ও আবাসিক মিলিয়ে প্রায় ২৫ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের দৈনিক বিদ্যুতের চাহিদা হচ্ছে গ্রীষঞ্চকালে ৩০ ও শীতকালে ১৮ মেগাওয়াট। অথচ বর্তমানে জাতীয় গ্রিড থেকে দেওয়া হচ্ছে মাত্র সাত মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে ও সেনানিবাসকে এক মেগাওয়াট করে দেওয়া হয়। বাকি পাঁচ মেগাওয়াটের অর্ধেকই আবার সরবরাহ করা হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)।সৈয়দপুরের রয়্যাল্যাক্স মেটাল, উত্তরা স্টিল মিল ও পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক রাজকুমার পোদ্দার জানান, অব্যাহত বিদ্যুতের সংকটের কারণে তাঁকে প্রতিদিন অন্তত ২০ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানাগুলোর মূল্যবান যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।ইকু জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকে। এখনো সেচ মৌসুমও শুরু হয়নি। অথচ এ সময়েও ভয়াবহ লোডশেডিং চলছে। যে কারণে শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে।উদ্যোক্তা আমিনুল ইসলাম কারখানা চালু রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি করেন।এক সপ্তাহ আগে বন্ধ হওয়া গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী সরদার গত রোববার জানান, এটির মেরামতকাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই কেন্দ্রটি চালু হবে।এ ব্যাপারে সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) মো. রফিকুল ইসলাম জানান, সংকট নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।