বিদ্যুৎ-সংযোগ পেল কেইপিজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর পুনরায় বিদ্যুতের সংযোগ পেল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৮ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ইপিজেডটিতে বিদ্যুতের সংযোগ দেয়। তবে সঞ্চালনের কাজ শেষে গত রোববার বিদ্যুৎ পাওয়াটা নিশ্চিত হয়।
এর আগে ২০১২ সালের ৩০ আগস্ট কেইপিজেডে বিদ্যুতের সংযোগ দেওয়া হলেও ১৪ দিন পর পিডিবি তা বিচ্ছিন্ন করে দেয়। তখন কেইপিজেড কর্তৃপক্ষ পুনরায় বিদ্যুতের সংযোগ পেতে আইনের আশ্রয় নেয়। ১০ মাস সংযোগ বিচ্ছিন্ন রাখার পর সর্বোচ্চ আদালতের নির্দেশে ১৮ সেপ্টেম্বর কেইপিজেডে বিদ্যুতের পুনঃসংযোগ দেয় পিডিবি। তবে সঞ্চালনব্যবস্থায় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে সংযোগ দিতে আরও দিন চারেক লেগে যায়।
এদিকে কেইপিজেড কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের ব্যবস্থা করে। তারা ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন ও ৪ দশমিক ৮ কিলোমিটারের সঞ্চালন লাইন স্থাপন করে।
কেইপিজেডের মহাব্যবস্থাপক আফতাব উদ্দিন আহমদ বলেন, ‘অবশেষে আমরা বিদ্যুৎ পেয়েছি। অন্য সমস্যাগুলোও সমাধান হলে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের দ্রুত উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান হবে।’