বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় বিনিয়োগের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে গতকাল  এফবিসিসিআইয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
বাংলাদেশ সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে গতকাল এফবিসিসিআইয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেছেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়েছে। তবে সঞ্চালনব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) পূর্বাঞ্চলের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে গতকাল বুধবার এক বৈঠকে এ পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। বৈঠকটি রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়।
ভারতীয় ১৬ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় বিনিয়োগ টাস্কফোর্সের চেয়ারম্যান টাটা স্টিলের গোপালপুর প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট অরুণ মিশ্র। প্রতিনিধিদলে জ্বালানি ও বিদ্যুৎ খাত, ওষুধ, খনিজ, ব্যাংক, চিকিৎসাসহ বিভিন্ন খাতের কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে ব্যবসার সুযোগ বাড়ছে। বাংলাদেশ সরকার অর্থনীতি এগিয়ে নিতে বেসরকারি খাতকে গুরুত্ব দেয়। এখন রপ্তানি খাতের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারনির্ভর খাতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ সঞ্চালনে বেসরকারি খাতের বিনিয়োগ উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবের কথা জানিয়ে মাতলুব আহমাদ বলেন, সরকার এ প্রস্তাব বিবেচনা করছে। আপনারা বিদ্যুৎ সঞ্চালনে বিভিন্ন উপকরণ উৎপাদনে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, এখন দেশের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৪ হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদন করা যাচ্ছে ৮ হাজার মেগাওয়াট। আরও কিছু বড় বিদ্যুৎকেন্দ্র আসছে। এতে উৎপাদনক্ষমতা কয়েক বছরের মধ্যে ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। ফলে বিদ্যুৎ সঞ্চালনে বিনিয়োগ প্রয়োজন হবে।
অরুণ মিশ্র বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ১০০ কোটি ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৭০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে এ বাণিজ্য আরও বৃদ্ধি পাওয়া উচিত। কারণ, দুই দেশের মানুষের মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ৫৪৫ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে রপ্তানি করেছে প্রায় ৬৯ কোটি ডলারের পণ্য। প্রায় ৪৭৬ কোটি ডলারের বাণিজ্যঘাটতি ভারতের অনুকূলে।
অনুষ্ঠানে ভারতের সুরেন্দ্র মাইনিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান প্রদীপ্ত মোহান্তি বাংলাদেশের সৌরবিদ্যুৎ, কয়লাবিদ্যুৎ ও খনিজ উত্তোলনে যৌথভাবে বিনিয়োগের আগ্রহের কথা জানান। রয়াল বালাজি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক রিতেশ আগারওয়াল বলেন, তিনি এ দেশের ব্যবসা পরিস্থিতি বুঝতে এসেছেন। প্যানারোমা ডিসপ্লে টেকনোলজিসের পরিচালক ইন্দ্রজিৎ ঘোষ জানান, তিনি ডিজিটাল ডিসপ্লের ব্যবসা করতে আগ্রহী।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালকদের মধ্য থেকে কেউ উপস্থিত ছিলেন না।