বিদ্যুৎ সমস্যায় নেটওয়ার্ক সম্প্রসারণে বিঘ্ন ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মুঠোফোনের বাজার ধরতে দেশজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট। সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানাপ্রথম আলো: এয়ারটেলের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ কত দূর এগিয়েছে? ক্রিস টবিট: আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মোবাইল ফোন অপারেটরের সঙ্গে ‘নেটওয়ার্কিং শেয়ার’ বিষয়ে চুক্তি সই করেছি। নিজেরাও প্রয়োজনীয় বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) বসাচ্ছি। তবে বর্তমানে বিদ্যুৎ সমস্যা আমাদের কিছুটা ভোগাচ্ছে। এয়ারটেলের নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিশ্ব স্বীকৃত দ্রুত ডেটা পরিবহনের প্রযুক্তি থ্রিজির (তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) জন্য অবকাঠামোগত সংস্কার করা হচ্ছে। সরকার থ্রিজি লাইসেন্স দিলেই যেন গ্রাহকের হাতে ইন্টারনেট পৌঁছে দিতে পারি, আমরা সেভাবে প্রস্তুত হচ্ছি।প্রথম আলো: প্রাথমিকভাবে বিনিয়োগ করা ৩০০ মিলিয়ন ডলার কোন কোন খাতে ব্যবহার করা হচ্ছে?টবিট: প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সম্প্রসারণ, পুনঃস্থাপন ও বিটিএসের সংযোগ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের নতুন পণ্য ও সেবার জন্য গবেষণাসহ নানা খাতে এই বিনিয়োগ করা অর্থ ব্যবহার করা হচ্ছে।প্রথম আলো: বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, প্রথম পর্যায়ে শুধু টেলিটককে থ্রিজি লাইসেন্স দেওয়া হবে। বিষয়টিকে কীভাবে দেখছেন?টবিট: শুধু টেলিটককে থ্রিজি লাইসেন্স দিলে সেটা মোটেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে না। এতে করে টেলিযোগাযোগ খাতে ভারসাম্য নষ্ট হবে। তাই দেশে বর্তমানে সক্রিয় প্রতিটি প্রতিষ্ঠানকেই থ্রিজি লাইসেন্স দেওয়া উচিত। তবে থ্রিজি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ‘বিউটি কনটেস্ট’ বা নিলাম, সরকার যে পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেবে, তাতে এয়ারটেলের আপত্তি নেই।প্রথম আলো: বর্তমান টেলিযোগাযোগ বাজারের সার্বিক অবস্থা ও নিয়ন্ত্রণকারী কমিশনের ভূমিকা সম্পর্কে এয়ারটেল কী ভাবছে?টবিট: বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আরেকটু আন্তরিক হলেই তেমন আর কোনো সমস্যা থাকে না। নিয়ন্ত্রণকারী কমিশনকে খেয়াল রাখতে হবে, যেন সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সবার জন্য সমান সুযোগ বজায় থাকে। প্রথম আলো: টেলিযোগাযোগ খাতে উন্নয়নে প্রধান বাধা কোনটি মনে হয়? টবিট: উচ্চ কর, বিশেষ করে ‘সিম ট্যাক্স’ টেলিযোগাযোগ খাতের উন্নয়নের পথে প্রধান বাধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর রূপকল্প বাস্তবায়নের জন্যই সিম ট্যাক্স উঠিয়ে নেওয়াটা জরুরি। প্রতিষ্ঠানগুলো সব সময় সংযোগপ্রতি ভর্তুকি দেবে না। তখন ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ। আর গ্রামীণ এলাকায় টেলি-ঘনত্ব না বাড়লে কখনোই ডিজিটাল বাংলাদেশ হবে না। শুধু সিম ট্যাক্স কমালেই আগামী পাঁচ বছরের মধ্যে দেশের টেলি-ঘনত্ব ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব।প্রথম আলো: সদ্য সংশোধিত টেলিযোগাযোগ আইনের কোন বিষয়গুলো পরিবর্তন করা উচিত বলে মনে করেন?টবিট: আইনের বিভিন্ন অংশ নিয়ে ইতিমধ্যে সরকারের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। যেমন—গ্রাহক নিবন্ধনের বিষয়টি অতি জরুরি। পরিচয়পত্র হিসেবে শুধু ‘জাতীয় ভোটার কার্ড’ বিষয়টি নিয়ে আমার আপত্তি রয়েছে। কারণ, জাতীয় তথ্যকেন্দ্র (ডেটাবেজ) এখনো হালনাগাদ করা হয়নি। তিন বছর আগে এই ডেটাবেজ তৈরির সময় ১৫-১৬ বছরের কিশোর-কিশোরীরা এখন প্রাপ্তবয়স্ক, কিন্তু তালিকায় তাঁদের নাম ওঠেনি। তাই গ্রাহকের জমা দেওয়া তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সকেও বিকল্প পরিচয়পত্র হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত।প্রথম আলো: সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর হিসাব আলাদাভাবে নিরীক্ষার উদ্যোগ নিয়েছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?টবিট: এটা খুবই ভালো উদ্যোগ। এতে করে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা আরও জোরদার হবে। এয়ারটেল থেকে এ বিষয়ে সরকারি নিরীক্ষা দলকে সব রকম সহযোগিতা করা হবে।প্রথম আলো: প্রতিযোগিতার মধ্যে অবস্থান জোরদার করার জন্য এয়ারটেল কী কী চিন্তা করছে?টবিট: এয়ারটেল সম্পূর্ণ নতুন ধরনের সেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস) প্রচলন করবে। যেমন—কৃষকদের জন্য ফসল-তথ্য, কৃষি-তথ্য বা আবহাওয়া-তথ্য। এতে করে গ্রাহকসংখ্যাও বাড়বে। বর্তমানে এয়ারটেলের গ্রাহকসংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার। আগামী দুই বছরে এ সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা রাখি।