বিদ্যুৎ-সুবিধা জোরদার হলে জনগণের ক্ষমতায়ন বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিউল ইসলাম সামিট বরিশাল পাওয়ার লিমিটেডে (এসবিপিএল) অনিয়মিত ইঞ্জিন ক্লিনার হিসেবে কাজ শুরু করে এখন প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ফিটার পদে আছেন। ফলে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছেন l ছবি: আইএফসির ওয়েবসাইট
সামিউল ইসলাম সামিট বরিশাল পাওয়ার লিমিটেডে (এসবিপিএল) অনিয়মিত ইঞ্জিন ক্লিনার হিসেবে কাজ শুরু করে এখন প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ফিটার পদে আছেন। ফলে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছেন l ছবি: আইএফসির ওয়েবসাইট

সামিউল ইসলাম। সামিট বরিশাল পাওয়ার লিমিটেডে (এসবিপিএল) একজন অস্থায়ী ইঞ্জিন ক্লিনার হিসেবে কাজ করতেন। অনিয়মিত শ্রমিক হওয়ায় তাঁর কাজের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু তিনি ধীরে ধীরে দক্ষতা অর্জন ও নিষ্ঠার মাধ্যমে সামিট গ্রুপের বড় কর্মকর্তাদের নজরে পড়েন। কর্তৃপক্ষ তাঁকে প্রশিক্ষণ দিয়ে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

ব্যক্তিগত সচেতনতা ও উচ্চাকাঙ্ক্ষা সামিউলকে শেষ পর্যন্ত সফলতার পথ দেখায়। তিনি পদোন্নতি পেয়ে এসবিপিএলের মেকানিক্যাল ফিটার হন এবং চাকরিটাও স্থায়ী হয়ে যায়। বদৌলতে তিনি ভালো অর্থ জমাতে সক্ষম হন এবং একটি ঘরও তৈরি করেন। বর্তমানে পরিবারকে সহায়তা করার পাশাপাশি তিনি ছোট বোনের লেখাপড়ার খরচও চালান।

বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে প্রকাশিত ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে সামিউলের গল্পটি তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ জোরদারকরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন’ শীর্ষক ওই প্রতিবেদনে মূলত এ দেশের বিদ্যুৎ খাতে সামিটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফসি ও কিছু আন্তর্জাতিক সংস্থার অর্থায়ন এবং কর্মসংস্থান ও অবকাঠামো খাতের উন্নয়নসহ স্থানীয় জনগণের ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এসবিপিএল হচ্ছে বাংলাদেশে বেসরকারি খাতে বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সামিট গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা ওই প্রতিবেদনে আইএফসি বলেছে, তারা বাংলাদেশে বেশিসংখ্যক মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামিট গ্রুপের প্রতিষ্ঠান এসবিপিএলের মাধ্যমে অর্থায়ন করেছে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, স্থানীয় জনগোষ্ঠীরও উন্নতি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে আইএফসি, আইএফসি এমার্জিং এশিয়া ফান্ড এবং ডায়েলিম এনার্জি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার ফান্ড মিলে সামিট গ্রুপের বিদ্যুৎ প্রকল্পে ১৭ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই অর্থ বাংলাদেশের ১ হাজার ৪৩৯ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসেবে)। এই বিনিয়োগের ফলে সামিট গ্রুপ একটি ৬৫০ মেগাওয়াট ডুয়াল-ফুয়েল (গ্যাস ও তরল জ্বালানি) নির্ভর কম্বাইন্ড-সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টসহ গ্রিনফিল্ড ইলেকট্রিসিটি জেনারেশন প্ল্যান্ট স্থাপন করতে পারবে।

আইএফসি মনে করে, দেশে বিদ্যুতায়নের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাড়ে। সংস্থাটি বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন চ্যালেঞ্জগুলোর অন্যতম হলো অধিক সংখ্যক মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো। বাংলাদেশ ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে তিন গুণ করেছে। তা সত্ত্বেও এ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে এক-তৃতীয়াংশ এখনো জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সুবিধা পায় না। এই অঞ্চলে যেসব দেশে জনগণের মাথাপিছু বিদ্যুৎ পাওয়ার হার সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে বিশ্বের মোট জনসংখ্যার ২ শতাংশের বেশি বসবাস করলেও মোট বিদ্যুৎ উৎপাদনে এ দেশের হিস্যা মাত্র শূন্য দশমিক ২ শতাংশের কম।

বরিশাল জেলায় চরম বিদ্যুৎ সংকটের পরিস্থিতিতে সামিট গ্রুপ ২০১৬ সালে এসবিপিএল উদ্বোধন করেছে। এতে স্থানীয়ভাবে রাস্তাঘাট, বাড়িঘরসহ নতুন অবকাঠামো সুবিধা যেমন বেড়েছে; ফলে জনগণ নিকটস্থ শহর ও আশপাশের এলাকাগুলোতে সহজে যাতায়াত ও যোগাযোগ করতে পারেন। আবার ওই অঞ্চলে স মিল বা করাত কল, চালকলসহ ব্যবসায়-বাণিজ্য বেশ লাভজনক হয়ে উঠেছে।

আইএফসি জানায়, বাংলাদেশ সরকার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে। এ ধরনের প্রকল্পে আইএফসিও সহায়তা করে এসেছে। যেমন এর আগে আইএফসি ১৯৯৯ সালে সামিট গ্রুপ-সংশ্লিষ্ট খুলনা পাওয়ার প্ল্যান্ট এবং ২০১৫ সালে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে। সিঙ্গাপুরভিত্তিক নবগঠিত কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এসপিআই) এখন আইএফসি, আইএফসি এমার্জিং এশিয়া ফান্ড ও ইএমএ পাওয়ারের সহায়তায় আন্তর্জাতিক বাজার থেকে অর্থায়ন সুবিধা নেওয়ার পরিকল্পনা করছে।

আইএফসি ২০১৬ অর্থবছরে আইএফসি বাংলাদেশে ১৩টি প্রকল্পে মোট ৬৩ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।