বিধি মানলে বিশ্ববাজারে চিংড়ি ও মাছের গ্রহণযোগ্যতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথভাবে বিধিনিষেধ মেনে চিংড়ি ও মাছ চাষ করলে এ নিয়ে দেশে-বিদেশে উত্থাপিত বিরূপ সমালোচনা বন্ধ হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে উৎপাদিত চিংড়ি ও মাছের গ্রহণযোগ্যতা বাড়বে। খুলনায় গতকাল মঙ্গলবার এক কর্মশালায় বক্তারা এ অভিমত দেন। এতে সাতটির জেলায় পরিচালিত এক জরিপের ফলাফল তুলে ধরা হয়। গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের বিষয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার ২৮টি উপজেলায় ৩০৮টি চিংড়ি খামার, ২৯টি মৎস্য খামার, ২৪টি মৎস্যখাদ্যের দোকান, ২৮টি আইস প্ল্যান্ট ও পাঁচটি ফিড মিলের ওপর জরিপটি করা হয়।ওয়ার্ল্ডফিশ সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে নগরের একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল করিম কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, বাংলাদেশ অ্যাকোয়াকালচারের কর্মকর্তা আবদুল বাকি, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি কাজী শাহনেওয়াজ, মৎস্য অধিদপ্তরের খুলনার উপপরিচালক মো. আবদুর রাশেদ ও মো. রকিব উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।