বিধিনিষেধ দীর্ঘায়িত হলে ক্রয়াদেশ বাতিল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপু সুলতান

চলমান বিধিনিষেধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে ইউরোপের অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে যাবে। ইউরোপের বাজারে আমরা চামড়া ও সিনথেটিকের (কৃত্রিম চামড়া) তৈরি জুতা বেশি রপ্তানি করি। একদিকে ক্রয়াদেশ বাতিলের শঙ্কা, অন্যদিকে ভবিষ্যতে যেসব ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলো অন্য দেশে চলে যাবে। শুধু জুতা নয়, বিধিনিষেধ দীর্ঘায়িত হলে সব ধরনের রপ্তানিমুখী শিল্পই ক্ষতির মুখে পড়বে।

আমাদের দেশে তৈরি চামড়া ও সিনথেটিকের জুতার প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। করোনা মহামারির মধ্যে আমরা ওই সব দেশ থেকে বেশ ভালোই ক্রয়াদেশ পেয়েছি। কারণ, ওই সব দেশে করোনার গণটিকা দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে শপিং মল। সে কারণে দেশগুলো থেকে ক্রয়াদেশ বাড়ছিল। তাই আশা করছি গত বছরের তুলনায় এ বছর রপ্তানির আদেশ বাড়তে পারে। কিন্তু সবকিছু নির্ভর করবে আমাদের দেশে কঠোর বিধিনিষেধ কত দিন থাকে, তার ওপর।

করোনা মহামারির মধ্যে জুতার বিশ্ববাজারে একটি পরিবর্তন ছিল বেশ লক্ষণীয়। সেটি হলো চামড়ার জুতার চেয়ে সিনথেটিক জুতার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। চামড়ার জুতার ক্রয়াদেশ আগের মতো পাওয়া যাচ্ছে না। অথচ সিনথেটিক জুতার ক্রয়াদেশ বাড়ছে। কারণ, করোনায় বিশ্বজুড়েই মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এ কারণে ইউরোপের মানুষও চামড়ার জুতার বদলে সিনথেটিকের তৈরি জুতা বেশি কিনছেন। সিনথেটিকের জুতা পড়ে যেমন শরীরচর্চা করতে পারছে, একই সঙ্গে অফিসেও ব্যবহার করতে পারছেন।

জুতার বাজারে করোনার মধ্যে আরেকটি পরিবর্তন দেখা যাচ্ছে সেটি হলো, ক্রেতারা চীন থেকে অন্যত্র সরে যাচ্ছে। মূলত করোনা সংক্রমণের পর থেকে আমেরিকা ও ইউরোপের বড় বড় অনেক ক্রেতা চীন থেকে অন্যত্র সরে গেছে।

আমাদের দেশে ক্রয়াদেশ বাড়ার পেছনে মূলত এ দুটি কারণই বড় ভূমিকা রেখেছে। প্রথমত, করোনা সংক্রমণ নিয়ে ইউরোপ-আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কে চিড় ধরেছে। দ্বিতীয়ত, ইউরোপের দেশগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু এখন সমস্যা দেখা দিয়েছে আমাদের দেশে। এবারের কঠোর বিধিনিষেধে রপ্তানিমুখী শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে। তাতেই আমাদের সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। যারা চীন থেকে বের হয়ে আসছে, আমরা এসব গ্রাহক ধরে রাখতে পারতাম। এখন কঠিন হয়ে যাবে।

রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া কারখানা সাভারে স্থানান্তরের পর থেকে চামড়াজাত পণ্যের রপ্তানি বড় ধরনের ধাক্কা খেল। সাভার চামড়াশিল্প নগরে যাওয়ার আগে আমরা যে পরিমাণ চামড়াজাত পণ্য রপ্তানি করতাম, সেটা অনেকটা কমে গেছে। কারণ, সাভার চামড়াশিল্প নগরে কর্মপরিবেশ ভালো নয়। সেখানে নকশায় ত্রুটির কারণে পুরোপুরি কাজ করছে না কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)। ক্রোম রিকভারি ইউনিটও কাজ করছে না। এখনো ডাম্পিং ইয়ার্ডের কাজই শুরু হয়নি।

তাহলে কবে নাগাদ সেখানে কর্মপরিবেশ নিশ্চিত হবে? সে কারণে আমরা খুব বিপদে আছি। কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছি। ২০১৪-১৫ অর্থবছরে আমাদের চামড়ার জুতা রপ্তানির পরিমাণ ছিল ২৫০ কোটি টাকা। সেটা কমতে কমতে ৫০ কোটি টাকায় নেমে এসেছে। অথচ একসময় মনে হয়েছিল চামড়াশিল্প নগর হেমায়েতপুরে নিয়ে গেলে রপ্তানি বাড়বে। কিন্তু হয়েছে উল্টো।

বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আমাদের কারখানায় করোনা সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চীন থেকে ১০ হাজার মাস্ক এনে কারখানার শ্রমিকদের দিয়েছি। কারখানায় প্রবেশের আগে নিয়মিত হাত ধোয়া, তাঁদের তাপমাত্রা দেখা, বাড়ি থেকে কারখানায় যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবহার এবং খাওয়ার ব্যবস্থাও করেছি। ফলে আমার কারখানায় কেউ করোনায় আক্রান্ত হননি। তবে কারখানার ভেতরে গরমের মধ্যে সারাক্ষণ মাস্ক পরে থাকা কঠিন। তা সত্ত্বেও শ্রমিকদের অনেক অনুরোধ করে কারখানায় মাস্ক পরে থাকার ব্যবস্থা করেছি। এটা আমাদের সার্থকতা। যদিও কারখানার বাইরে গেলে ভিন্ন চিত্র দেখা যায়।