বিধিনিষেধেও বাজারে ক্রেতাদের আনাগোনা, তবে দাম বাড়তি
শুক্রবার ছিল দেশজুড়ে বিধিনিষেধের দ্বিতীয় দিন। সাধারণত বিধিনিষেধের সময় নিত্যপণ্যের বাজার ও সুপারশপগুলোয় তেমন ভিড় না থাকলেও শুক্রবার ছিল ব্যতিক্রম। বাজারে ক্রেতাদের আনাগোনা ছিল যথেষ্ট। পণ্যের দামও ছিল কিছুটা বেশি।
সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি ছিল। বেশি ছিল সবজির দামও। চালের দামও ছিল বাড়তির দিকে।
শুক্রবার ঢাকার গুলশান-১ ডিএনসিসি বাজার, তেজগাঁও কলমিলতা, কারওয়ান বাজার ও একাধিক সুপারশপ ঘুরে দেখা যায়, ক্রেতাদের যথেষ্ট চাপ রয়েছে। কারওয়ান বাজারের বিক্রেতা অলি আহম্মদ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ের মতো ক্রেতা না থাকলেও বিধিনিষেধ হিসেবে চাপ যথেষ্ট।
এদিকে সুপার মার্কেটে সকালের দিকে ক্রেতাদের তেমন চাপ না থাকলেও দুপুরের পরে ক্রেতার চাপ বাড়তে থাকে। একই সঙ্গে বেড়েছে অনলাইনে অর্ডারও। গুলশান-১–এর স্বপ্ন সুপারশপের শাখা ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সময়ে অনলাইনে দিনে ৪০ থেকে ৪৫টি অর্ডার আসে, আজ বেলা তিনটা পর্যন্ত অর্ডার এসেছে ৯০টি।’
গুলশান স্বপ্নের ক্রেতা তানজিলা আফরিন বলেন, ‘গত বছর সাধারণ ছুটির আগে ভয় পেয়েছিলাম; ভেবেছিলাম, পরে হয়তো পণ্য কিনতে বের হওয়া যাবে না। এখন সে রকম ভয় নেই, যতটুকু লাগে, ততটুকুই কিনি।’
বিধিনিষেধের আগে সাধারণত কেনাকাটার ধুম পড়লেও এবার তা দেখা যায়নি বলে জানান গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজারের বিক্রেতা আবু সিদ্দিক। তিনি বলেন, ‘ধারণা করি, বিধিনিষেধের সাত দিন ক্রেতাদের আনাগোনা থাকবে।’
ক্রেতাদের চলাচল স্বাভাবিক থাকলেও বিধিনিষেধের আগে পণ্যের দাম যে কিছুটা বাড়তি ছিল, তা স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এদিকে মৌসুমের শুরুতে চালের দাম কিছুটা কমতে শুরু করলেও ধাপে ধাপে আবার আগের দামে ফিরে গেছে চালের দাম। কারওয়ান বাজারে প্রকারভেদে এক কেজি মিনিকেট চাল ৫৮ থেকে ৬০ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭২ টাকা, মাঝারি বিআর–২৮ ও স্বর্ণা পাইজাম ৪৮-৫০ টাকায় বিক্রি করেছেন বিক্রেতারা।
মাছের দামও জাতভেদে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি ছিল। দাম বেশি হওয়া সত্ত্বেও মাছের বাজারে যথেষ্ট ক্রেতা ছিল। দাম নিয়ে অভিযোগ থাকলেও কলমিলতা বাজারের ক্রেতা আনিসুজ্জামান বলেন, করোনায় চিকিৎসকেরা আমিষজাতীয় খাবার খেতে পরামর্শ দিচ্ছেন, ফলে দাম বেশি হলেও পুষ্টির বিষয়ে জোর দিচ্ছেন তিনি।
সবজির বাজারও কিছুটা চড়া ছিল। গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা। এদিকে বুধবার সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে কমার ঘোষণা এলেও ওই দামের তেল এখনো বাজারে আসেনি। ফলে সয়াবিন তেল কিনতে হচ্ছে আগের দামেই।
সবকিছুর সঙ্গে বেড়েছে আমদানি করা শিশুখাদ্যের দাম। গুলশান ডিএনসিসি মার্কেটে এক কেজি ৮০০ গ্রামের একটি ল্যাকটোজেনের টিনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০০ টাকা। নিডোর আড়াই কেজির গুঁড়ো দুধের টিনের দাম হয়েছে ২ হাজার ৪০০ টাকা।