বিধিবদ্ধ জমার হিসাব স্পষ্ট করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিবদ্ধ জমা বা এসএলআর (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও) এবং নগদ অংশ সংরক্ষণ বা সিআরআর (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট) পৃথকভাবে হিসাবের নির্দেশনা পরিষ্কার করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের সব ধরনের দায়কে হিসাবভুক্ত করে পৃথক দুভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে গতকাল রোববার এ বিষয়ে ব্যাংকগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
ব্যাংকের পরিশোধিত মূলধন ও রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ, লাভজনক ও লোকসানি হিসাবের বিপরীতে থাকা ঋণ, আন্তব্যাংক আইটেম বা উপাদান, বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য রেপো (পুনঃ ক্রয় চুক্তি), বিশেষ রেপো ও অন্যান্য উপায়ে নেওয়া ধার বিধিবদ্ধ জমার হিসাবের বাইরে থাকে। আর বাকি তলবি ও মেয়াদি দায়ের ক্ষেত্রে প্রচলিত ধারা ও ইসলামী ব্যাংকগুলোকে দৈনিক ভিত্তিতে গড়ে সাড়ে ৫ শতাংশ এবং দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে ৬ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।
অন্যদিকে দৈনিক ভিত্তিতে প্রচলিত ধারার ব্যাংকগুলোর এসএলআর হবে ১৩ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর হবে সাড়ে ৫ শতাংশ। দুটি মিলে প্রচলিত ধারার ব্যাংকগুলোকে ১৯ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোকে সাড়ে ১১ শতাংশ হারে বিধিবদ্ধ জমা সংরক্ষণ করবে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, প্রচলিত নিয়মে এসএলআর ও সিআরআর একত্রে হিসাব করা যেত। এ ক্ষেত্রে সিআরআরের অতিরিক্ত অংশ এসএলআর হিসেবে দেখানোর সুযোগ রয়েছে।
তবে আগামী ফেব্রুয়ারি থেকে এ দুটি বিষয় পৃথকভাবে হিসাব করতে হবে। যদিও এখনকার মতোই বিধিবদ্ধ জমা হিসেবে সিআরআর বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে।
আবার আগের নিয়ম মতোই সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর বাংলাদেশ ব্যাংক অর্ডার ও ২০১০ সালের নির্দেশনার আলোকে ব্যাংক হারের সঙ্গে ৫ শতাংশ হারে জরিমানা আদায় করা হবে। আর এসএলআর সংরক্ষণে ব্যর্থ হলে উল্লিখিত অংশের ওপর বিশেষ রেপোর সুদ হার অনুযায়ী জরিমানা হবে।