বিধিমালা সংশোধন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন করে দেওয়ার দায়িত্ব আর বাংলাদেশ ব্যাংকের কাছে থাকছে না। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে এই দায়িত্ব বর্তাচ্ছে এখন রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের ঘাড়ে।
এ ছাড়া গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার হবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। বিদ্যমান বিধিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর-মনোনীত নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন প্রধান নির্বাচন কমিশনার হওয়ার কথা।
আগামী ৫ অক্টোবরের মধ্যে ব্যাংকটির পরিচালক নির্বাচনের যে বাধ্যবাধকতা ছিল, তাতেও সংশোধনী আনা হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে নির্বাচনের জন্য সময় দেওয়া হবে এক বছর।
এত সব পরিবর্তন নিয়ে সংশোধন করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন বিধিমালা। সংশোধন-সংক্রান্ত একটি খসড়া মতামতের জন্য সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি হবে।’

গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের কোনো পর্যায়েই বাংলাদেশ ব্যাংককে জড়ানো হচ্ছে না বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

বিদ্যমান বিধিমালায় নির্বাচন অনুষ্ঠান করে দেওয়ার সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংককে দেওয়া হলেও ব্যাংক খাতের নিয়ন্ত্রক হিসেবে তা করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে অপারগতা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১২ জন পরিচালক থাকবেন। তার মধ্যে তিনজন নির্বাচিত হবেন সরকারের মনোনয়নে। ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) পর্ষদ সদস্য হবেন, যদিও তাঁর কোনো ভোটাধিকার থাকবে না। নয়জন পরিচালক শেয়ারহোল্ডারদের ভোটে নির্বাচিত হবেন। নির্বাচিত পরিচালকদের মেয়াদকাল হবে তিন বছর।

আইনের এই বিধান বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করার জন্য গত ৬ এপ্রিল একটি বিধিমালা জারি করে সরকার। এতে ৩১টি ধারা রয়েছে।

বিধিমালা অনুযায়ী, ব্যাংকের কার্যক্রম পরিচালিত হওয়া এলাকাগুলোকে নয়টি নির্বাচনী এলাকায় ভাগ করা হবে। প্রতিটি নির্বাচনী এলাকা থেকে পরিচালক নির্বাচিত হবেন একজন করে।

যোগাযোগ করলে গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ ব্যাংক পরিচালনায় আমরা আমাদের মতোই চলতে চাই, এত দিন যেভাবে চলে এসেছি। নতুন নতুন নিয়ম করে সরকার বেহুদা টানাহেঁচড়া করছে।’

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের কর্মকাণ্ডকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে তাহসিনা আরও বলেন, এক ব্যাংকের পর্ষদ নির্বাচন করে দেবে আরেক ব্যাংক, গোটা বিশ্বে এটা হবে নজিরবিহীন ঘটনা।