পানির সংকটে উৎপাদন ও বিনিয়োগ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা
বিনা পানিতেই ডুবতে বসেছে সীতাকুণ্ডের বড় বড় কারখানা

গ্যাস-বিদ্যুতের সংকট নয়, চট্টগ্রামের সীতাকুণ্ডের শিল্পোদ্যোক্তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পানি। বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেও কেবল পানি-সংকটের কারণে বিপদে পড়েছেন অনেক উদ্যোক্তা। কারখানা চালু রাখতে ভূগর্ভস্থ পানি পাওয়া যাচ্ছে না। আবার ভূপৃষ্ঠেও পানির অভাব রয়েছে। বিশেষ করে, ইস্পাত ও কাচ কারখানায় পানির সংকট প্রকট হয়ে ওঠায় ঝুঁকিতে পড়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ।
সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় গত বছরের নভেম্বর মাসে ইস্পাত কারখানা সম্প্রসারণের কাজ শুরু করে জিপিএইচ গ্রুপ। ইস্পাত-পণ্য তৈরির প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি লাগে। এ জন্য শুরুতেই গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু মাটির ১ হাজার ৩০০ ফুট গভীরে গিয়েও কারখানার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।
১০ লাখ টন বিলেট (রড তৈরির উপাদান) ও ১০ লাখ টন ইস্পাতের পণ্য তৈরির ক্ষমতাসম্পন্ন এই কারখানা উৎপাদনে যাবে ২০১৮ সালে। প্রয়োজনীয় পানির ব্যবস্থা করতে না পারলে প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়বে বলে জানান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস। তিনি প্রথম আলোকে বলেন, কারখানার জন্য প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ লিটার বিশুদ্ধ পানি প্রয়োজন হবে। কেবল পুকুর বা কুয়া খনন করে এই পানির সংস্থান করা যাবে না। ভূগর্ভস্থ পানি না পাওয়ায় এখন কী করবেন, তা ভেবেও পাচ্ছেন না তাঁরা।
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার কাঁচামাল বালু পরিষ্কারের জন্য প্রতিদিন তিন হাজার টন মিঠাপানির দরকার। কারখানা এলাকায় পানির সংস্থান না থাকায় ফেনীতে তাদের আরেকটি কারখানা থেকে বালু পরিষ্কার করে আনা হয়। বালু পরিষ্কার করা ছাড়াও কারখানায় উৎপাদন সচল রাখতে প্রতিদিন ৭০০ টন পানি দরকার। বৃষ্টির পানি সংরক্ষণ করে, আশপাশের এলাকা থেকে ভাউজার (পানিবাহী বড় গাড়ি) করে পানি এনে এবং মাঝেমধ্যে সীতাকুণ্ডের ছড়ার পানি ব্যবহার করে উৎপাদন সচল রাখছেন শিল্পপ্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।
পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমীর হোসেন প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড এলাকায় শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় ভূগর্ভস্থ পানি নেই। এ জন্য কারখানা সচল রাখতে একাধিক বিকল্প উৎস থেকে ভূপৃষ্ঠের পানি সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। সীতাকুণ্ড অঞ্চলে শিল্পকারখানা স্থাপনের জন্য অনুকূল পরিবেশ থাকলেও পানির সংকট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডের কারখানাগুলোতে পানি সরবরাহের জন্য সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
চালুর অপেক্ষায় থাকা এবং চালু থাকা এই কারখানা দুটির মতো সীতাকুণ্ডের বেশির ভাগ শিল্পকারখানা পানির সংকটে পড়েছে। গত পাঁচ-ছয় বছরে এ সংকট তীব্র হয়েছে। এই সমস্যা দূর করা না গেলে এ অঞ্চলে নতুন বিনিয়োগের সুযোগ কমে আসছে বলে একাধিক উদ্যোক্তা প্রথম আলোকে জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রতিবছর ছয় ইঞ্চি করে ভূগর্ভের পানির স্তর নিচে নামছে বলে জানান উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম শাহ আলম। তিনি বলেন, অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ, একের পর এক পুকুর ভরাট ও গাছপালা নিধনের কারণে ভূগর্ভে বৃষ্টির পানি মাটিতে প্রবেশ করতে পারছে না। ফলে মাটির নিচে পানির স্তর নেমে যাচ্ছে। বিকল্প পানির উৎস গড়ে তোলা না গেলে শিল্পপ্রতিষ্ঠান দূরে থাক, মানুষের পানীয় জলের অভাব একসময় দেখা দিতে পারে।
সীতাকুণ্ডের বিভিন্ন কারখানার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম মহানগর এলাকার কারখানাগুলো ওয়াসার পানি ব্যবহারের সুযোগ পাচ্ছে। তবে উপজেলা পর্যায়ে সরকারের কোনো সংস্থা কারখানায় পানি সরবরাহ করে না। ফলে নগরের চেয়ে উপজেলার শিল্পকারখানাগুলো কম সুবিধা পাচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের শিল্পকারখানায় পানির সমস্যা ব্যক্তি উদ্যোগে মেটানো সম্ভব নয়। সরকারি উদ্যোগে পতিত জমিতে সেখানে বড় আকারের জলাধার তৈরি করে বৃষ্টির পানি সংরক্ষণ বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। পানির সংকট দূর করা না গেলে নতুন করে সেখানে শিল্পকারখানা গড়ে উঠবে না।
সীতাকুণ্ড এলাকায় চট্টগ্রামের আবুল খায়ের, পিএইচপি, বিএসআরএম, কেএসআরএম, জিপিএইচ, কেডিএস, টিকে গ্রুপসহ দেশের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কারখানা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখানে উৎপাদনমুখী কারখানা রয়েছে ১০০টি। এর মধ্যে ইস্পাত কারখানা ৫১টি, সিমেন্ট কারখানা চারটি, ঢেউটিন তৈরির কারখানা তিনটি, তৈরি পোশাক কারখানা দুটি, কাচ তৈরির কারখানা একটি, পাটকল নয়টি ও সুতার কারখানা চারটি। এর মধ্যে ইস্পাত, কাচ, ঢেউটিন কারখানায় উৎপাদন সচল রাখতে সব সময় পানির প্রয়োজন হয়।
সীতাকুণ্ডের ইউনিটেক্স টেক্সটাইল কারখানার মহাব্যবস্থাপক সুবোধ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর আগে কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য উদ্যোগ নেন তাঁরা। মাটির এক হাজার ফুট নিচেও পানির স্তর পাননি তাঁরা। এ কারণে বিকল্প হিসেবে পুকুরের পানি ধরে রেখে তা পরিশোধন করে কারখানার পানির চাহিদা পূরণ করতে হচ্ছে তাঁদের। এ জন্য উৎপাদন ব্যয়ও বেড়েছে।
উদ্যোক্তারা বলছেন, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডে পাকিস্তান আমল থেকে শিল্পকারখানা গড়ে উঠেছে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এবং বন্দর কাছে থাকায় এখানে শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন উদ্যোক্তারা। কিন্তু পাহাড়ি এই এলাকায় পানির সংকট যেভাবে বাড়ছে, তাতে চালু থাকা কারখানাগুলোও একসময় সমস্যায় পড়বে।
সীতাকুণ্ডের কারখানায় পানির সংকটের বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. রিয়াজ আকতার মল্লিক প্রথম আলোকে বলেন, সাদা চোখে বলা যায়, ক্রমাগত ভূগর্ভস্থ পানি উত্তোলন ও ভূগর্ভে পানি প্রবেশ (রিচার্জ) না করা—এ দুই কারণে পানির স্তর নিচে নামছে। তবে সীতাকুণ্ডে কেন পানির স্তর নিচে নামছে, তা জানতে সমীক্ষা করা দরকার। ওই অঞ্চলের শিল্পকারখানার জন্য বিকল্প পানির উৎস হিসেবে ছোট-বড় জলাধার তৈরি, শিল্পকারখানায় পানির পুনঃপুন ব্যবহারসহ নানা ব্যবস্থা নিয়ে ভূগর্ভের পানির ওপর চাপ কমানো দরকার বলে মন্তব্য করেন তিনি।