বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ পরিচালক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ২০১৫-১৬ সাল মেয়াদের নেতৃত্ব নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের প্রয়োজন পড়ছে না। পদের চেয়ে বেশি থাকা দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিজিএমইএ সূত্র জানায়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল শনিবার। এদিনই রেডিয়েন্ট সোয়েটারের মনির হোসেন ও টিআরজেড গার্মেন্টসের হারুন অর রশীদ নির্বাচনী বোর্ডের কাছে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এ ছাড়া সংগঠনের সভাপতি পদপ্রত্যাশী সিদ্দিকুর রহমান তাঁর নেওয়া দুটি মনোনয়নপত্রের একটি প্রত্যাহারের আবেদন করেন। ফলে স্বয়ংক্রিয়ভাবেই ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়ে যান। নির্বাচনী বোর্ড গতকালই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করে।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন প্রথম আলোকে বলেন, ৩৫ পরিচালকের মধ্য থেকে আগামী ১৬ সেপ্টেম্বর একজন সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচন হবেন। তারপর বর্তমান কমিটি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
সংগঠনের বর্তমান সহসভাপতি শহিদউল্লাহ আজিম জানান, ২২ সেপ্টেম্বর নতুন কমিটি দায়িত্ব নিতে পারে।
বিজিএমইএর নেতৃত্ব-প্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা গত জুনে সমঝোতার ভিত্তিতে সংগঠনের পরবর্তী কমিটি তথা নেতৃত্ব নির্বাচনের বিষয়ে একমত হন। আগামী দুই মেয়াদের জন্য তাঁদের এই সমঝোতা। সে অনুযায়ী, ২০১৫-১৬ মেয়াদে বিজিএমইএর নেতৃত্বের জন্য সম্মিলিত পরিষদ সভাপতি, চার সহসভাপতিসহ ১৪ পরিচালক এবং ফোরাম তিন সহসভাপতিসহ ১৩ পরিচালক পদ পাবে। আর ২০১৬-১৭ সাল মেয়াদে হবে ঠিক এর উল্টো।
ঢাকা থেকে নির্বাচিত ২৬ পরিচালক হলেন—সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ, শহিদুল হক, এনামুল হক খান, আবদুল্লাহ হিল রাকিব, মাহিদুল ইসলাম খান, কামাল উদ্দিন, এম এ রহিম, আশিকুর রহমান, মনসুরুল হক, মিজানুর রহমান চৌধুরী, মিরন আলী, মুনীর হোসেন, ইকবাল হামিদ কোরেশী, আতিকুল করিম খান, আনোয়ার কামাল পাশা, নাছির উদ্দিন, রেজওয়ান সেলিম, সৈয়দ সাদিক আহমেদ, আনোয়ার হোসেন, সাজ্জাদুর রহমান মৃধা ও মেজবাহ উদ্দিন আলী।
চট্টগ্রাম থেকে নির্বাচিত ৯ পরিচালক হচ্ছেন—মঙ্গনউদ্দিন আহমেদ, মো. ফেরদৌস, এ এম মাহবুব চৌধুরী, সেলিম রহমান, আমজাদ হোসেন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, এ এন এম সাইফুদ্দিন, সাইফ উল্লাহ এবং কে মাহবুব উদ্দীন।