বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের সাত সদস্যের নির্বাহী কমিটি।আগের রাতে সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিদ্বন্দ্বী একজন সভাপতি পদপ্রার্থী ভোট গ্রহণের সময় অনুপস্থিত ছিলেন। জানা গেছে, এই সমঝোতা প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখেন খাতুনগঞ্জভিত্তিক একটি বড় শিল্পগ্রুপের চেয়ারম্যান।গতকাল মঙ্গলবার বিকেলে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে একক প্রার্থী হিসেবে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।একইভাবে প্রথম সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয় সুফী মিজানুর রহমানের নাম। তবে গতকাল সুফী মিজানসহ সিএমসিসিআইয়ের ১০ জন পরিচালক অনুপস্থিত ছিলেন। বাকি ৩১ জনের সম্মতিতে সাত সদস্যের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।কমিটির অপর নির্বাচিত সদস্যরা হলেন চারজন সহসভাপতি এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং বিজিএমইএর সাবেক পরিচালক এ এম মাহবুব চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আবছার।নির্বাচিত সভাপতি খলিলুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন এই চেম্বারের মাধ্যমে চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেব।’চেম্বার সূত্রে জানা যায়, গতকাল মেট্রোপলিটন চেম্বারের ৩১ জন উপস্থিত পরিচালকদের মধ্যে ছিলেন আবুল বাশার চৌধুরী, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, মো. শওকত আলী, আবুল কালাম, আবদুস সামাদ লাবু, শওকত হোসেন, আহসানুল আলম পারভেজ, মো. নাসির উদ্দিন, এসএম শামীম ইকবাল, নাদের খান, জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।