
দেশের আবাসন খাতকে চাঙা করতে আবারও বিনা প্রশ্নে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চাইলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বুধবার। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। এতে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান রবিউল হক।
রবিউল হক বলেন, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা ২০১২ সালের চেয়ে ৩৪ শতাংশ বেশি। সরকার গত অর্থবছরের বাজেটে আবাসনশিল্পে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলেও অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ রাখা হয়। এ জন্য অপ্রদর্শিত অর্থ ব্যাপক হারে পাচার হচ্ছে। তিনি অপ্রদর্শিত অর্থ যাতে কোনো প্রশ্ন ছাড়াই বিনিয়োগ করা যায়, সে দাবি জানান।
রবিউল হক বলেন, কয়েক বছর ধরে নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রেতাদের জন্য এক অঙ্কের সুদহারে দীর্ঘমেয়াদি ঋণের অভাব, গ্যাস–সংযোগ বন্ধের সিদ্ধান্ত, সৌরবিদ্যুৎ শর্তযুক্ত বিদ্যুৎ–সংযোগ এবং সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে আবাসনশিল্পে বিনিয়োগে মানুষ আগ্রহ হারাচ্ছে। এতে আবাসন খাতের সংশ্লিষ্ট উপখাতগুলোও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠানের দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। একবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং পাঁচবার প্রবেশের জন্য ১০০ টাকা।
এক প্রশ্নের জবাবে রবিউল হক বলেন, মেলায় কোনো প্রতিষ্ঠান অনুমোদিত প্রকল্প প্রদর্শন করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতে রিহ্যাবের পরিদর্শক দল থাকবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও (রাজউক) একটি দল সব সময় তদারক করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, মেলা কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, পরিচালক শাকিল কামাল চৌধুরী।