আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। আগামী অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত টাকা দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ চায় রিহ্যাব। সংগঠনটির নেতারা চান এ ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ক্রেতার অর্থের উৎস জানতে চাইবে না। বর্তমান বিধানে অর্থের উৎস জানতে চাইতে পারে এনবিআর।
আগামী বাজেট (২০১৭-১৮) সামনে রেখে এনবিআর বিভিন্ন সংগঠনের সঙ্গে যে প্রাক্-বাজেট আলোচনা শুরু করেছে, তাতে অংশ নিয়ে গতকাল সোমবার রিহ্যাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান।
রিহ্যাব সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘আমরা কালোটাকা সাদা করার কথা বলি না। বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনার সুযোগ দিতে বলছি। এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, অনেকে এমন ভয়ে বিনিয়োগ করেন না। আমি মনে করি, প্রশ্ন না করলে অনেকেই বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় বিনিয়োগ করবেন।’
ফ্ল্যাট ও প্লট নিবন্ধন সংশ্লিষ্ট কর ও মাশুল সর্বমোট ৭ শতাংশ নির্ধারণ করারও দাবি জানিয়েছে রিহ্যাব। এ ছাড়া আবাসন খাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একক অঙ্কের সুদে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন ব্যবস্থা চালু এবং ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন মূসক আইনে আবাসন শিল্পে মূসক আরোপ না করার সুপারিশ করেছেন রিহ্যাব নেতারা।
রিহ্যাব আরও যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো হলো আবাসন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানকে শহর এলাকার বাইরে ১০ বছর এবং শহর এলাকায় ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া এবং ক্রেতা, জমির মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানকে সংকট থেকে উত্তরণে অসমাপ্ত প্রকল্পে বিশেষ ঋণের ব্যবস্থা করা। রিহ্যাব আরও বলছে, প্রতিবছর ১৫ থেকে ১৭ হাজার ফ্ল্যাট তৈরি করছে রিহ্যাব সদস্যরা।
এনবিআরের গতকালের প্রাক্-বাজেট আলোচনায় রিহ্যাব ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্লাস্টিক
এই শিল্পের যেসব কাঁচামাল দেশে উৎপাদিত হয় না, সেসব কাঁচামালের ওপর আমদানি শুল্ক ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। এই শিল্পের মধ্যবর্তী কাঁচামালে ৫ শতাংশ এবং তৈরি আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণের সুপারিশ করেছে সংগঠনটি।
সংগঠনটির অন্য প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইনের আওতায় দেশীয় শিল্প সুরক্ষায় সম্পূরক শুল্ক প্রত্যাহার না করা; টার্নওভার কর অব্যাহতির সীমা ৩৬ লাখ টাকায় উন্নীত করা, টার্নওভার ৩৬ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ কর আরোপ করা।
সংগঠনটির সাবেক সভাপতি শামীম আহমেদ বলেন, সম্পূরক শুল্ক উঠে গেলে দেশীয় প্লাস্টিক শিল্প ধ্বংসের মুখে পড়বে। এই খাতের বিপুল অঙ্কের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।
অন্যান্য
আয়রন স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আমির হোসেন বলেন, ‘আয়রন শিট গোডাউন থেকে শোরুমে নেওয়ার পথে ৫০০ টাকার মূসক ফাঁকির জন্য পণ্যবাহী ট্রাক ১৫ দিন আটকে রাখা হয়। এ অবস্থার পরিত্রাণ চাই। নতুন মূসক আইন হলে ২০০ টাকার লাভের বিপরীতে ১৫ হাজার টাকা টার্নওভার কর দিতে হবে। এ খাতে লেনদেন অনেক বেশি, মুনাফা অনেক কম।’
প্রতিটি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন ধরে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেছেন বাংলাদেশ রি-রোলিং মিলস সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক।
সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. শহীদুল্লাহ বলেন, স্টিল খাতে ১৫ শতাংশ মূসক আরোপ হলে টনপ্রতি ৯ হাজার টাকা দাম বাড়বে। তাতে নির্মাণশিল্প ক্ষতিগ্রস্ত হবে।
হালকা প্রকৌশল শিল্প সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, টার্নওভার কর নির্ধারণের ক্ষেত্রে লেনদেনকে বিবেচনায় না ধরে বিনিয়োগের পরিমাণ ধরে সেটি আরোপ হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘প্রতিবছর বাজেটের আগে এমন অনেক সভা হয়। অনেক ভালো ভালো কথা হয়। কিন্তু বাজেটে তার প্রতিফলন হয় না। আশা করি, এবার প্রতিফলন হবে।’
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, নতুন আইনে হিসাব রাখতেই হবে। হিসাব রাখলে কর কর্মকর্তারা অহেতুক হয়রানি করতে পারবেন না।