বিনা মূল্যে বিদ্যুত্সাশ্রয়ী বাতি বিতরণের প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৫৩২ কোটি টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একনেকের বিকল্প সভাপতি আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। এতে ২০১১ সালের জুন মাসের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয়ের জন্য ‘এফিশিয়েন্ট লাইটিং ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ’ নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর পরিবেশন করে।বিদ্যুত্ বিভাগ ২৭৯ কোটি টাকা ব্যয়ে দুই ভাগে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। তবে এই ব্যয়ের প্রায় পুরোটাই হবে বিশ্বব্যাংকের অর্থায়নে। বাংলাদেশ সরকার মাত্র তিন কোটি টাকা ব্যয় করবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড হবে এই প্রকল্পের মূল বাস্তবায়নকারী। এতে আরও যুক্ত থাকছে পিডিবি, ডেসকো, ডিপিডিসি ও ডব্লিউজেডপিডিসিএল।প্রকল্পের প্রথম পর্যায়ে (আগস্ট ২০০৯-জুন ২০১০) পিডিবি, ডেসকো, ডিপিডিসি ও ডব্লিউজেডপিডিসিএলের আবাসিক গ্রাহকদের জন্য এক কোটি পাঁচ লাখ কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট বাল্ব (বিদ্যুত্সাশ্রয়ী বাতি) বিতরণ করা হবে। এগুলো গ্রাহকেরা পুরোনো বাতির জায়গায় প্রতিস্থাপন করবেন। এর ফলে সন্ধ্যাবেলায় (ছয়টা থেকে রাত ১০টা) ২০০ মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয় হবে। দ্বিতীয় পর্যায়ে (জুলাই ২০১০-জুন ২০১১) কেনা হবে আরও এক কোটি ৭৫ লাখ বাল্ব। এতে সাশ্রয় হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুত্। বৈঠক শেষে পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার জানান, পরিবেশবান্ধব ও বিদ্যুত্সাশ্রয়ী বাল্বগুলোর এক বছরের গ্যারান্টি রয়েছে। বাকি প্রকল্পগুলো হলো, ৫৫ কোটি টাকার শিক্ষা মন্ত্রণালয়ের ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপন-১ম পর্যায় (২য় সংশোধিত) প্রকল্প’, ৪৮ কোটি টাকার চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা ও রাজশাহী ক্যান্টনমেন্ট প্রকল্প’, ৫৫৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প’, ৬৭ কোটি টাকা ব্যয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প’, ১৮১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের ‘ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ (ফেজ-২) প্রকল্প’। এ ছাড়া এর মধ্যে রয়েছে ১৪২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতুর অ্যাপ্রোচ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা প্রকল্প এবং ২০৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর রাজশাহী বিভাগ সমন্বিত পল্লী উন্নয়ন (রাজশাহী, নাটোর নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ) (১ম সংশোধিত) প্রকল্প।