বিনা মূল্যে সৌরবিদ্যুৎ প্যানেল দিচ্ছে আল-আরাফাহ্ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব পরিবারের মধ্যে বিনা মূল্যে সৌর বা সোলার প্যানেল বিতরণ শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এর পাশাপাশি বিনা খরচে কৃষক ও মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব খোলার কর্মসূচিও চালু করেছে ব্যাংকটি। গতকাল শনিবার হবিগঞ্জের মাধবপুর শাখায় ব্যাংকটির এই সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার কামরুল আমিন প্রমুখ। মাধবপুরের স্কুলশিক্ষার্থী রয়েছে এমন ২৫টি পরিবারের মধ্যে বিনা মূল্যে সৌরবিদ্যুৎ প্যানেল দিয়েছে ব্যাংকটি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের এই সময়ে সৌরবিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়তা করবে। আর এ ধরনের সৌর প্যানেল আল-আরাফাহ্ ব্যাংকের সিএসআর কার্যক্রম হিসেবে ধরা যায়।গভর্নর আরও বলেন, সৌর উৎস থেকে প্রাপ্ত বিদ্যুতের মাধ্যমে ছাত্রছাত্রীরা অধিক রাত পর্যন্ত পড়াশোনা করতে পারবে। আর তাঁতি, দর্জি, কুটির শিল্পীসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মসময় বাড়িয়ে সুফল ভোগ করতে পারবেন। এতে গ্রামীণ অর্থনীতি আরও চাঙা হবে বলে তিনি মত দেন।মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, সমাজের সাধারণ জনগণের কাছ থেকেই এসব প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে থাকে। ব্যাংকগুলো জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে উদ্যোক্তাদের ঋণ দিয়ে মুনাফা অর্জন করছে। কাজেই জনগণের প্রতি ব্যাংকগুলোর দায়বদ্ধ থাকা দরকার।সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার কথা ভেবেই গত সেপ্টেম্বরে ব্রাক্ষণবাড়িয়া জেলার ধর্মনগর গ্রামে নবায়নযোগ্য শক্তি খাতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়।বদিউর রহমান আরও জানান, সৌরবিদ্যুৎ খাতে ব্যাংকটি এ পর্যন্ত ১৪টি শাখার মাধ্যমে এক হাজার ১০০ পরিবারের জন্য প্রায় ৫০ হাজার ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে দিয়েছে। এই প্রকল্পে মোট বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। তিনি বলেন, গ্রামের অনেক দরিদ্র পরিবারে মেধাবী শিক্ষার্থী রয়েছে, যাদের কিস্তিতে সোলার প্যানেল স্থাপন করার সামর্থ্য নেই। এ ধরনের পরিবারকে সোলার প্যানেল স্থাপনে সহায়তা দেওয়া হচ্ছে।সম্প্রতি ব্যাংকের দক্ষিণ যাত্রাবাড়ী শাখায় ১০২০ ওয়াট এবং ঢাকার মৌলভীবাজার শাখায় ৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল বসানো হয়েছে নিজস্ব ব্যবহারের জন্য।একরামুল হক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার নির্দেশনা রয়েছে। আর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কোনো টাকা না নিয়ে কৃষকদের পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও ব্যাংক হিসাব খোলার সুযোগ দিচ্ছে।