বিনা মূল্যে ২৮ ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবির গ্রাহকেরা আজ রোববার থেকে বিনা মূল্যে ২৮টি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। ফেসবুকের ইন্টারনেট সেবাদাতা সম্প্রসারণ বিভাগ ইন্টারনেট ডট ওআরজির উদ্যোগে এ সেবাটি চালু হচ্ছে।
এই ২৮টি ইন্টারনেট সাইটের মধ্যে রয়েছে ফেসবুক, সরকারের বিভিন্ন তথ্য-উপাত্তের ওয়েবসাইট, সংবাদ, ক্রীড়া, কৃষি, ই-কমার্স, অনলাইনে বেচাকেনার পোর্টাল ইত্যাদি। বিনা মূল্যে এসব সাইটের টেক্সট বা তথ্য দেখা গেলেও ছবি, ভিডিও বা কনটেন্ট ডাউনলোডের জন্য গুনতে হবে অর্থ। উদ্যোগটি চালুর সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
একজন গ্রাহক যদি ইন্টারনেট ডট অর্গে লগইন করে ‘চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার’ সেবা পেতে চায়, তাহলে কোনো ইন্টারনেট চার্জ লাগবে না। আবার ইন্টারনেট ডট ওআরজিতে সরাসরি না ঢুকে অ্যাপের মাধ্যমেও এ সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে। উদ্যোগটি চালু হলে দেশের ইন্টারনেট ব্যবহার ৮ থেকে ১০ শতাংশ বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
গত ২২ এপ্রিল উদ্যোগটি চালু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা পিছিয়ে যায়। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ এটি উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। ইন্টারনেট ডট ওআরজির গ্লোবাল অপারেটর পার্টনারশিপ পরিচালক মার্কো ম্যাকলেইনেন এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন।
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ উদ্যোগটির সঙ্গে যুক্ত আছে। এটুআই প্রকল্পের পলিসি পরামর্শক আনীর চৌধুরী বলেন, শুরুতে জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পর্যায়ক্রমে সরকারের সব পোর্টাল ও ওয়েবসাইট এ সেবার আওতায় চলে আসবে।
সরকারের ওয়েবসাইটের মধ্যে থাকছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ। অন্যান্য উল্লেখযোগ্য ওয়েবসাইটের মধ্যে সংবাদভিত্তিক ওয়েবসাইট বিডিনিউজ টোয়েন্টিফোর, প্রথম আলো, চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস, ক্রীড়াবিষয়ক ইএসপিএনক্রিকইনফো, শিক্ষাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক ও উইকিপিডিয়া উল্লেখযোগ্য।