বিনা মূল্যের গানের অ্যাপ আনল রবি
বিনা মূল্যে গান শোনার সুবিধাযুক্ত একটি অ্যাপ্লিকেশন চালু করেছে মুঠোফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা। অ্যাপটির নাম রবি-ইয়োন্ডার মিউজিক।
আজ মঙ্গলবার ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অ্যাপটির উদ্বোধন করা হয়।
রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে এই অ্যাপটি চালু করা হয়েছে। এতে দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীদের গান শোনা যাবে।
অ্যাপটি ব্যবহার করতে রবি গ্রাহকদের মুঠোফোনে শুধু ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ওয়াই-ফাই নেটওয়ার্কেও অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপটিতে যতবার গান শোনা হবে, সে অনুযায়ী শিল্পীরা একটি নির্দিষ্ট সম্মানী পাবেন। রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা কোনো গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে, যাতে তিনি অফলাইন থাকার সময়ও পছন্দের গানটি শুনতে পান।
ইয়োন্ডার মিউজিক ইনকরপোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, ইয়োন্ডার বাংলাদেশে রবির সঙ্গে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসবে, এতে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবির গ্রাহকেরা মুঠোফোন ইন্টারনেট দিয়ে দেশি-বিদেশি শিল্পীদের সেরা গানগুলো শুনতে পাবেন।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, ‘শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করতে পেরে গর্বিত। এর মাধ্যমে আমাদের গ্রাহকেরা বিনা মূল্যে দেশ-বিদেশের গানের এক বিপুল সম্ভার হাতে পাবেন।’