বিনা শুল্কে নির্মাণসামগ্রী আমদানি চায় রিহ্যাব
একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনা শুল্কে সব ধরনের নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি আমদানি করার সুযোগ দিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে অনুরোধ জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সমিতি রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।রিহ্যাব নেতারা বলছেন, নির্মাণ খাতের বিভিন্ন সামগ্রীর মূল্য গত এক বছরে ১৫ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে ভবনের প্রতি বর্গফুট অংশ নির্মাণে আগের চেয়ে ৫৪৭ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। নির্মাণসামগ্রীর এই মূল্যবৃদ্ধি আবাসন খাতে অচলাবস্থার সৃষ্টি করেছে। গত এক বছরে অ্যাপার্টমেন্ট বিক্রির পরিমাণ আগের বছরের চেয়ে ৪২ শতাংশ কমেছে।বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে রিহ্যাব নেতারা এসব কথা জানান। এতে রিহ্যাবের সাংগঠনিক সম্পাদক আক্তার বিশ্বাস, সদস্য মো. ওয়াহিদুজ্জামান, এস এম আসাদুজ্জামান ও এম এ ওহাব উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের সহসভাপতি সাঈদ নজরুল বলেন, শহরে জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আয়কর ও নিবন্ধন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসসংকট, শেয়ারবাজারে ধস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তারল্য সংকট ও বিশ্বমন্দার কারণে আবাসন খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বর্গফুট ভবন নির্মাণে আগের বছরের চেয়ে রডের মূল্য ৪৪ শতাংশ, সিমেন্ট ২১ শতাংশ, ইট ৩৩ শতাংশ, বৈদ্যুতিক তার ৬৭ শতাংশ, পাথর ১৮ শতাংশ, টাইলস ২৬ শতাংশ ও অ্যালুমিনিয়াম ১৬ শতাংশ বেড়েছে। কিন্তু নির্মাণসামগ্রীর এই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে রিহ্যাব নেতারা বলেন, ডলারের মূল্যবৃদ্ধির আগেই এসব সামগ্রী বা এগুলোর কাঁচামাল আমদানি করা হয়েছে। এ ছাড়া শ্রমিকের মজুরি ৩৫ শতাংশ বেড়েছে।সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা আবাসন খাতের ক্রেতাদের এক অঙ্কের (১০ শতাংশের কম হারে) সুদে ঋণ দেওয়া, আবাসন ঋণ পুনরায় চালু, আবাসন ঋণের পুনঃ অর্থায়ন তহবিল আগের ৩০০ কোটি টাকার স্থলে এক হাজার কোটি করা, আবাসন খাতের সংশ্লিষ্ট শিল্পগুলোর তারল্য বাড়ানো ও প্রয়োজনে এসব শিল্পে ভর্তুকি দেওয়া ও বাজার তদারকির সুপারিশ করেন। রিহ্যাবের ভবনবিষয়ক স্থায়ী কমিটির সহ-চেয়ারম্যান সরদার মো. আমীন বলেন, ডলারের বৃদ্ধির অজুহাতে রড ও সিমেন্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব সামগ্রীর দাম বাড়িয়েছেন। এক বছরে ডলারের দাম বেড়েছে মাত্র ১৩ শতাংশ, কিন্তু নির্মাণসামগ্রীর দাম বেড়েছে ৬৭ শতাংশ পর্যন্ত। এসব সামগ্রীর মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সরকারের এ ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই।সরদার আমীন বলেন, ‘গৃহস্থালিতে গ্যাসের অপচয় হয় মাত্র এক শতাংশ। আর শিল্পে হয় ৪০ শতাংশ। কিন্তু তার পরও সরকার গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে। গৃহস্থালিতে গ্যাস সংযোগ না থাকায় ক্রেতারা নতুন করে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন না।’