বিনিয়োগ আকৃষ্টে রাজনৈতিক সমঝোতার তাগিদ সিপিডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩-১৪ সালের বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা নিয়ে সিপিডির এই সেমিনার হয় রাজধানীর ব্র্যাক সেন্টারে। ছবি: ফোকাস বাংলা
২০১৩-১৪ সালের বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা নিয়ে সিপিডির এই সেমিনার হয় রাজধানীর ব্র্যাক সেন্টারে। ছবি: ফোকাস বাংলা

বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

গবেষণা সংস্থাটি বলছে, ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা মধ্য ও দীর্ঘ মেয়াদে তাঁদের বিনিয়োগের নিশ্চয়তা চান। চলতি অর্থবছরের ছয় মাসের রাজনৈতিক অস্থিরতার পর বিনিয়োগকারীরা কিছুটা বিনিয়োগে ফিরে গেছেন। কিন্তু মধ্য মেয়াদে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না তাঁরা।
সিপিডি মনে করে, যখনই বাস্তবসম্মত পরিবেশ পাবেন, তখনই তাঁরা বিনিয়োগ করবেন। এর আগে তাঁরা বিনিয়োগ করবেন না। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতা দরকার। এই সমঝোতা শুধু জাতীয় নির্বাচন নয়, অন্যান্য রাজনৈতিক বিষয়েও হওয়া উচিত।
আজ রোববার ব্র্যাক সেন্টারে ২০১৩-১৪ সালের বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা করে সিপিডি এ কথা বলেছে।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, তবে এখনো রাজনৈতিক সমঝোতার আলোচনা শুরুর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। তবে আলোচনা শুরু হলে সমাধানের বিভিন্ন পথ বের হবে। তিনি মনে করেন, বিনিয়োগ না হলে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা বাড়বে। তাই অর্থনীতির সঙ্গে রাজনীতির একটা ঘনিষ্ঠ সংশ্লেষ দরকার। মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া একটি জাতীয় আকাঙ্ক্ষা। এ জন্য অবকাঠামো খাতের বিনিয়োগ দরকার। এ ছাড়া শ্রেণিভেদে সম্পদের সুষম বণ্টনের ব্যবস্থা থাকতে হবে।
প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখাই আগামী অর্থবছরের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি।
চলতি অর্থবছরের সাময়িক প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি। এই গবেষণা সংস্থাটি মনে করছে, রাজনৈতিক অস্থিরতায় সেবা খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি।