বিনিয়োগ উপদেষ্টা-সংক্রান্ত নীতিমালার খসড়া প্রকাশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিনিয়োগ উপদেষ্টা) বিধিমালা, ২০১২-এর খসড়া প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এসইসির ওয়েবসাইটে খসড়া এই বিধিমালা প্রকাশ করা হয়। কমিশন প্রকাশিত এই বিধিমালার ওপর বাজার-সংশ্লিষ্টদের কাছ থেকে ২৫ মার্চের মধ্যে মতামত আহ্বান করা হয়েছে। তাঁদের মতামত পাওয়ার পর বিধিমালা চূড়ান্ত করা হবে।গতকাল বুধবার এসইসির নিয়মিত সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালাইসিস) রুলস, ২০১২ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিনিয়োগ উপদেষ্টা) বিধিমালা, ২০১২ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করা হয়।এসইসি প্রকাশিত খসড়া অনুযায়ী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, বিনিয়োগ উপদেষ্টা ও স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠানের নিয়োগ করা পেশাদার গবেষক ও বিশ্লেষকেরা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে গবেষণা ও মূল্যায়ন করে শেয়ার ক্রয়, বিক্রয় বা ধারণসহ বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লিখিত প্রতিবেদন প্রকাশ করতে পারবে। তবে এ কার্যক্রম পরিচালনার জন্য এসইসি থেকে পৃথক নিবন্ধন সনদ নিতে হবে। বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিবন্ধন সনদ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ২৫ লাখ টাকা থাকতে হবে। এ ছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদের কোনো সদস্য জালিয়াতি, প্রতারণামূলক বা অসাধু কার্যকলাপজনিত কোনো ফৌজদারি অপরাধের দায়ে দণ্ডিত হলে কিংবা আদালত থেকে দেউলিয়া বা বিকারগ্রস্ত হলে এবং ঋণখেলাপি হলে ওই প্রতিষ্ঠান নিবন্ধনের যোগ্য হবে না।খসড়া বিধিমালা অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠানগুলোকে একজন গবেষণাপ্রধানসহ কমপক্ষে তিন সদস্যের পৃথক গবেষণা বিভাগ চালু করতে হবে। স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা গবেষণাপ্রধানের তত্ত্বাবধানে কমপক্ষে তিনজন গবেষককে নিযুক্ত করতে হবে।ওই খসড়ায় বিনিয়োগ-সংক্রান্ত গবেষকদের যোগ্যতা সম্পর্কে বলা হয়, যেকোনো ব্যক্তিকে বিনিয়োগ বিশ্লেষক হিসেবে কাজ করতে হলে সিএ, সিএফএ, সিপিএ, সিএমএ, এমবিএ কিংবা অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি পুঁজিবাজার-সম্পর্কিত বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো ব্যক্তির প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না হলেও পুঁজিবাজার-সম্পর্কিত বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকলে তিনিও বিশ্লেষক হিসেবে কাজ করতে পারবেন।এসইসি প্রকাশিত খসড়ায় আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বিশ্লেষকের জন্য বেশ কিছু তথ্য প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এগুলো হলো গত ১২ মাস সময়কালে কোনো মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগ ব্যাংকের সঙ্গে সম্পর্কিত থাকা কিংবা পরবর্তী ১২ মাসের মধ্যে এ ধরনের সম্পর্কের সম্ভাবনা থাকা, যে কোম্পানির শেয়ার সম্পর্কে বিশ্লেষণ করা হবে, সেই কোম্পানির সঙ্গে আর্থিক লাভালাভের সম্পর্ক থাকা, প্রতিবেদন প্রকাশের সময় বিশ্লেষক বা তাঁর প্রতিষ্ঠানের কোনো কর্মীর ওই কোম্পানির শেয়ার ধারণ এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ধরনের তথ্য। ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বিগত ১২ মাসে কোনো বিনিয়োগ ছিল কি না এবং ওই কোম্পানির কাছ থেকে মার্চেন্ট ব্যাংকিং সেবাপ্রদানের বিনিময়ে কোনো মার্চেন্ট ব্যাংকের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কি না।খসড়ায় বিশ্লেষকদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলো হলো প্রতিবেদন প্রকাশকালে সংশ্লিষ্ট কোম্পানির কোনো শেয়ার ধারণ না করা, প্রতিবেদন প্রস্তুত করার ৩০ দিন আগে থেকে পাঁচ দিন পর পর্যন্ত ওই কোম্পানির কোনো শেয়ার লেনদেন না করা, নির্দিষ্ট মার্চেন্ট ব্যাংকিং লেনদেনের জন্য বেতন-বোনাসসহ কোনো অর্থ না নেওয়া, কোনো কোম্পানি বা মার্চেন্ট ব্যাংকিং লেনদেনের জন্য কারও পক্ষে প্রতিবেদন তৈরির জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রলোভন বা হুমকি প্রদান এবং মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ-সংক্রান্ত ব্যবসার কাজে বিশ্লেষকদের জড়িত না হওয়া।নীতিমালায় বিশ্লেষকদের কাজ মান বেঁধে দিয়ে বেশ কিছু বিধি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে যথার্থ ও গ্রহণযোগ্য ভিত্তি, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রেকর্ড সংরক্ষণ। বিধিমালায় এসব বিষয়ে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।