বিনিয়োগ ও শিল্পায়নের জন্য গ্যাস, বিদ্যুৎ-সংযোগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও শিল্পায়নের জন্য শিল্পকারখানায় দ্রুত গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে গত সোমবার ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এ দাবি জানায়।
বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, দেশের সুতা উৎপাদন শিল্পে (স্পিনিং) প্রায় ৮ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এতে দেড় লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সমস্যার কারণে এসব শিল্প ঠিকমতো উৎপাদনে যেতে পারছে না।
আরেক সাবেক উপদেষ্টা ও মেট্রো চেম্বারের সাবেক সভাপতি রোকিয়া আফজাল রহমান বলেন, জ্বালানির সমস্যা সমাধানে বাস্তবতার আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, জ্বালানির স্বার্থে ডিজেলের মূল্য সমন্বয় করার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ, উদ্যোক্তাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে।
আরেক সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ৪২টি শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন গ্যাস কোম্পানির কাছ থেকে প্রতিশ্রুতি (ডিমান্ড নোট) পাওয়া সত্ত্বেও গ্যাসের সংযোগ পাচ্ছে না।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, পোশাক খাতের ২৮টি প্রতিষ্ঠান ডিমান্ড নোট নিয়ে গ্যাসের সংযোগের অভাবে কারখানা চালু করতে পারছে না। এতে উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা সমাধানে একটি কারিগরি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব করেন।
ব্যবসায়ীদের কথা শুনে আবুল কালাম আজাদ নীতি, লাইসেন্স, শুল্কসহ যত ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা ১৫ দিনের মধ্যে সরকারকে দিতে এফবিসিসিআইকে অনুরোধ করেন। আলোচনার ভিত্তিতেই বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান ও কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির, বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দিন, ইএবির সভাপতি সালাম মুর্শেদী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।