
২০২০ সাল নাগাদ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। সরকারি-বেসরকারি মিলিয়ে জিডিপির কমপক্ষে ৩৫-৩৬ শতাংশ বিনিয়োগ পেতে হবে। এখন আছে ২৭ শতাংশের মতো। কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে। বরং এ সময়ে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ কমেছে। আর বেসরকারি খাতের বিনিয়োগ না হলে প্রবৃদ্ধির এ লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
বেসরকারি বিনিয়োগ পেতে বেশ কিছু পূর্বশর্ত রয়েছে। প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা আছে। কিন্তু এ স্থিতিশীলতা থাকবে কি না, সেই নিশ্চয়তা থাকতে হবে। দ্বিতীয়ত, বিনিয়োগের জন্য অবকাঠামো তৈরি করতে হবে। অতীত ইতিহাসে দেখা গেছে, বড় বড় প্রকল্প সময়মতো বাস্তবায়ন হয় না। এতে ব্যয় তিন-চার গুণ বেড়ে যায়। এটা বিনিয়োগের জন্য অন্যতম বড় প্রতিবন্ধক। তৃতীয়ত, বিদ্যুতের বড় প্রকল্প বাস্তবায়নে ধীর গতি রয়েছে। ভাড়ায় বিদ্যুৎকেন্দ্র দিয়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয়। আর নতুন গ্যাসও পাওয়া যায়নি। এসব প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগ আনতে না পারলে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করা দুঃসাধ্য।
তবে আমি মনে করি, ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন হবে। আর কর্মসংস্থানের লক্ষ্য অর্জন করতে হলে বেসরকারি বিনিয়োগ হতে হবে।