বাংলাদেশে বিদেশি বিনিয়োগ না আসার জন্য সুশাসনের ঘাটতিকে দায়ী করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, ষাটের দশকের শুরুর দিকে উন্নয়নে জোর দেওয়া হয়। তবে বারবার তা হোঁচট খেয়েছে। কারণ, সরকার উন্নয়নে নজর দিলেও সুশাসন জোরদার করতে ও বিচার ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী করতে নজর দেয়নি।
বিষয়টি ব্যাখ্যা করে খায়রুল হক বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের সংশ্লিষ্ট অন্য উপাদানগুলোকেও সংস্কার করতে হয়। সেটি এখানে ভালোভাবে হয়নি। কোনো চুক্তি ভঙ্গ বা বিরোধের মামলা নিষ্পপ্তি হতে কখনো আট থেকে দশ বছর সময় লেগে যায়। তাই বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে না এসে অন্য দেশে চলে যায়।
রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বিকেল বিশেষ প্ল্যানারি অধিবেশনে এসব কথা বলেন সাবেক প্রধান বিচারপতি।
এই অধিবেশনে ‘রাজনৈতিক অর্থনীতি ও উন্নয়ন পুনর্ভাবনা’ শীর্ষক প্ল্যানারি বক্তব্য দেন সমিতির সভাপতি আবুল বারকাত। প্রবীন অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানকে উৎসর্গ করা এই অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ।
বিনিয়োগের পাশাপাশি সুশাসন ও দুর্নীতি নিয়েও কথা বলেন সাবেক বিচারপতি খায়রুল হক। তিনি বলেন, দুর্নীতি এখন সিস্টেমের অংশ হয়ে গেছে। এ জন্য তিনি সাধারণ মানুষের অন্যায্য চাহিদার বিস্ফোরণকে দায়ী করেন।
খায়রুল হক বলেন, ‘বন্যা মোকাবিলা, শান্তি চুক্তি, তিস্তার পানি চুক্তি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন অবশ্যই ভালো সুশাসনের উদাহরণ। কিন্তু সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির পর তা অপসারণের ব্যর্থতা বা পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধার করতে না পারা কোনোভাবেই সুশাসনের লক্ষণ নয়। সুশাসন ছাড়া কোনো রাষ্ট্র অগ্রসর হতে পারে না। তাই আমাদের সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।’
কাজী খলীকুজ্জমান বলেন, অর্থনীতি ব্যবস্থাপনায় নব্য উদারবাদের ছোঁয়া লেগেছে। কিছু লোক ধনী হচ্ছেন। কোটি কোটি টাকা তাঁদের কাছে যাচ্ছে। নদী, জমি ও ব্যাংক দখল করে অবৈধ পথে এই অর্থ তাঁদের হাতে যাচ্ছে। চিহ্নিত হয়েও তাঁদের বিচার হচ্ছে না। আর এটি না হলে অর্থনীতির ওপর চাপ বাড়বেই।
অর্থনীতি সমিতির সাবেক এই সভাপতি বলেন, সমাজে মানুষের মধ্যে আয় নয়, সম্পদের বৈষম্যই বেশি। মানুষকে কেন্দ্র না করে অর্থনীতি ও রাজনৈতিক বিন্যাস না করা হলে এই বৈষম্য কমবে না।