বিনিয়োগ নিয়ে বর্তমান ও সাবেক মন্ত্রী পরস্পরকে দুষলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীর খসরু মাহমুদ ও আ হ ম মুস্তাফা কামাল
আমীর খসরু মাহমুদ ও আ হ ম মুস্তাফা কামাল

বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা নিয়ে সাবেক ও বর্তমান দুই মন্ত্রী পরস্পরকে দুষলেন। বিএনপির সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ মনে করেন সরকারের ব্যর্থতায় এ স্থবিরতা বিরাজ করছে। আর পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল মনে করেন বিএনপি বিনিয়োগের পরিবেশ নষ্ট করেছে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ শীর্ষক আয়োজনে অংশ নিয়ে বিনিয়োগ স্থবিরতার বিষয়টি তুলে ধরেন ভিন্ন ধারার এ দুই রাজনীতিক। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আজ শনিবার এ আয়োজন করা হয়।
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদের দাবি, নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাবে বেসরকারি খাতের বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। সম্ভাব্য বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। সরকার গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের দাবি, বিএনপি বিনিয়োগের পরিবেশ নষ্ট করেছে। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগে কুণ্ঠাবোধ করছেন। যখন তাঁরা দেখেন গাড়িতে উঠলে বোমা পড়ে, মানুষ মারা হয়। প্রত্যেকদিন হরতাল হচ্ছে তখন তারা কেন বিনিয়োগ করবেন?

আমীর খসরু মাহমুদকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিএনপির কর্মসূচির কারণে চলতি অর্থবছরের তিন মাস স্বাভাবিক কর্মকাণ্ড ছিল না। সে জন্য মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়নি।

সিপিডি আয়োজিত এ সভায় এ দুই বর্তমান ও সাবেক মন্ত্রী ছাড়াও সম্মানিত অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আমীর খসরুর বক্তব্যের জবাব দিতে গিয়ে মান্নান বলেন, রাজনীতিতে শুধু লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ থাকলেও হয় না, সমান খেলোয়াড় বা লেভেল প্লেয়ারও লাগে। রাজনীতির নামে বিএনপি যা করেছে তা এ দেশের মানুষ গ্রহণ করেনি। তাই তিন মাস নানা চেষ্টা করে বিএনপিকে খালি হাতে ঘরে ফিরতে হয়েছে।

সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত বাজেটের ওপর পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, এসসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ, সেন্টার ফর এনআরবি’র (নন রেসিডেন্ট অব বাংলাদেশ) সভাপতি শেকিল চৌধুরী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক পরিচালক আব্দুল হক প্রমুখ।