বিনিয়োগ নিরুৎসাহিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে বড় অঙ্কের ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে, সেটা মেটাতে সরকারকে মূলত দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার ওপরই নির্ভর করতে হচ্ছে ।
এর বাইরে সরকার বৈদেশিক উৎস (বৈদেশিক ঋণ এবং অনুদান) থেকেও অর্থ পাওয়ার প্রত্যাশা করছে। তবে তা নির্ভর করছে এ অর্থ ব্যবহার করার সক্ষমতার ওপর।
সরকারের এ ব্যাংকঋণনির্ভরতাই উদ্বিগ্ন করে তুলেছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন এরই মধ্যে প্রস্তাবিত বাজেটের ওপর পর্যালোচনা করে এ বিষয়ের সমালোচনাও করেছে।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অনুদানের হিসাব ছাড়া যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ। আর ছয় হাজার ২০৬ কোটি টাকা অনুদানসহ হিসাব করলে ঘাটতি হবে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ।
এ ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে মোট ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকব্যবস্থা থেকেই ঋণ নেবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) তাদের পর্যালোচনায় বলেছে, ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে। এর ফলে ব্যবসায়ীরা বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না।
অনেকটা একই পর্যবেক্ষণ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজেরও (বিসিআই)। সংগঠনটি বলেছে, ঘাটতি মেটাতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে, যা ঠিক নয়।
এতে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। আর এটি ব্যবসায়ীদের নতুন শিল্প প্রতিষ্ঠায় নিরুৎসাহিত করবে। সে কারণেই দেশীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ যৌক্তিক হারে কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত শুক্রবার বলেছে, মনে হচ্ছে, ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের পর যেটুকু বাকি থাকে, সে হিসাবই এখানে মেলানোর চেষ্টা করা হয়েছে।
প্রসঙ্গত, বাজেট ঘাটতি মেটাতে চলতি ২০১৩-১৪ অর্থবছর দেশীয় ব্যাংক থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করে সরকার। তবে শেষ পর্যন্ত কী পরিমাণ ঋণ নিতে হয়েছে, তা জুন মাস শেষ না হওয়া পর্যন্ত জানা যাচ্ছে না।
করমুক্ত আয়সীমা: প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা সরকার বাড়ায়নি। আগের মতোই তা বহাল রাখা হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। ঢাকা চেম্বার বলেছে, দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা হওয়া উচিত। একই প্রস্তাব বিসিআইয়েরও।
এনবিআরকে দেওয়া প্রাক-বাজেট প্রস্তাবে ঢাকা চেম্বার বলেছিল, রাজনৈতিক অস্থিরতায় গত বছর মানুষের সঞ্চয়ের পরিমাণ ছিল কম। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি দুটোই বেড়েছে।
আর এসব কারণে মানুষের প্রকৃত আয় আসলে কমে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই করমুক্ত আয়সীমা নির্ধারণ করা উচিত। এতে একদিকে নতুন করদাতারা উৎসাহী হবেন। অন্যদিকে কর ফাঁকিও কমবে।
করপোরেট কর: প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করপোরেট কর আগের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কমানো হয়েছে। এখন কর দিতে হয় ৩৭ দশমিক ৫ শতাংশ।
এ পদক্ষেপকে ইতিবাচক বলছে ঢাকা চেম্বার। তবে একই সঙ্গে সব ধরনের করপোরেট করহার কমানোর দাবি করেছে সংগঠনটি।
ব্যবসায়ীরা বলছেন, করপোরেট কর কম দিতে হলে মুনাফার পরিমাণ বাড়বে। এটি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহী করবে। সরকার এত দিনে বিষয়টিতে নজর দিয়েছে।
আর এ বিষয়ে বিসিআইয়ের পর্যবেক্ষণ হলো, অ-তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর প্রস্তাব এসব কোম্পানিকে পুঁজিবাজারে না আসতে উৎসাহিত করতে পারে।
বর্তমানে দেশে বেশির ভাগ করপোরেট প্রতিষ্ঠানকে ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে ৪২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত করপোরেট কর দিতে হয়।
বিটিএমএ: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ সহায়তার ওপর উৎসে কর্তনযোগ্য করের হার ৫ শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ করা হয়েছে।
তবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বস্ত্র খাতে সরকারের দেওয়া ৫ শতাংশ নগদ সহায়তাকে আয়করমুক্ত করার দাবি করেছে। বস্ত্রকল মালিকদের এ সংগঠন বলছে, সহায়তার অর্থ থেকে যদি
আয়কর কর্তন করা হয় তাহলে শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে নগদ সহায়তা তেমন কোনো ভূমিকা রাখবে না।
বিটিএমএ আরও বলেছে, বস্ত্রকলগুলোর আয়কর বছর শেষে মূল্যায়নের ভিত্তিতে করা হয়। সে জন্য বস্ত্রকলগুলোর ক্ষেত্রে শূন্য দশমিক ৩০ শতাংশ উৎসে কর কর্তনের যৌক্তিকতা নেই। আর এটি হলে আয়কর প্রদানে জটিলতার সৃষ্টি হবে।
ইএবি: এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) বাজেটে শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কমপক্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ দাবি করেছে। অর্থমন্ত্রী এ খাতে ৫০ কোটি বরাদ্দ দিয়েছেন।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে সাধারণ ব্যক্তিশ্রেণির ক্ষেত্রে ৪৪ লাখ ২০ হাজার টাকার বেশি বার্ষিক আয়ের বিপরীতে ৩০ শতাংশ হারে আয়কর নির্ধারণ ও সম্পদের ওপর সারচার্জ ১৫ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। এটি প্রত্যাহারের দাবি জানিয়ে ইএবি বলছে, রপ্তািন খাতের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করবে।
পোশাকশিল্পের মতো সব রপ্তানি খাতের ক্ষেত্রেই উৎসে কর শূন্য দশমিক ৩০ শতাংশ হারে নির্ধারণের দাবি করেছে ইএবি।

ডিসিসিআই
ব্যবসায়ীরা বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না
বিটিএমএ
নগদ অর্থ সহায়তা দেওয়াকে আয়করমুক্ত করতে হবে
ইএবি
শ্রমিকদের দক্ষতা উন্নয়নে কমপক্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে
বিসিআই
নতুন শিল্প স্থাপন নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে