বিনিয়োগ বাড়াতে অবকাঠামো ও রাজনৈতিক স্থিতিশীলতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ওপর জোর দিয়েছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ বিনিয়োগ নিয়ে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ও বছরে ১০ লাখ কর্মসংস্থান সম্ভব। কিন্তু প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হলে বিনিয়োগ আরও বাড়ানো দরকার। গোল্ডস্টেইনের মতে, বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো: জ্বালানি-সংকট মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও সরকারি-বেসরকারি অংশীদারি জোরদার করা। ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় গতকাল রোববার গোল্ডস্টেইন এসব কথা বলেন। গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফআইসিসিআইয়ের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ও নির্বাহী পরিচালক এম এ মতিন। বাংলাদেশে ব্যবসা শুরুর সমস্যা সম্পর্কে অ্যালেন গোল্ডস্টেইন বলেন, সহজে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বিশ্বের অন্য অঞ্চলগুলোর তুলনায় দক্ষিণ এশিয়া অনেক পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে বিগত ২৫ বছরে বাংলাদেশ বেশ উন্নতি করলেও গত পাঁচ বছরে সংস্কার-প্রক্রিয়ায় ধীরগতি থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। ব্যবসায় উন্নতি করতে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আর্থিক খাত শক্তিশালীকরণ, বিনিয়োগ পরিবেশ সংস্কার, পিপিপি ব্যবস্থা চালু ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের ওপর জোর দিয়েছেন। দুর্নীতি প্রসঙ্গে গোল্ডস্টেইন বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তবে গত কয়েক বছরে আর্থিক খাত, বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে। এই সময়ে বিনিয়োগে মন্দা ছিল। আর এখন শ্রম ও মানবাধিকারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অর্থনীতির খাতওয়ারি সমস্যা প্রসঙ্গে গোল্ডস্টেইন বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এখনো কম উন্নত। প্রাতিষ্ঠানিক সুশাসনও দুর্বল। তাই ব্যবসা শুরু করতে নানা জটিলতা থাকে। তুলনামূলক সস্তা শ্রম বাংলাদেশের সামনে বড় সুযোগ কি না, সেই প্রশ্নও তোলেন গোল্ডস্টেইন। তাঁর মতে, শ্রমের মজুরির সঙ্গে দারিদ্র্য বিমোচনের নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি জানান, ৩৪টি প্রকল্পে প্রায় ৫০০ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সব সময় এই অর্থ ব্যবহারে স্বচ্ছতা দেখতে চায়। সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশ হলো বিপুল সম্ভাবনার দেশ। কিন্তু সুশাসনের অভাব, দুর্বল অবকাঠামো, অস্বস্তিকর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। তিনি আরও বলেন, বিশ্ববাণিজ্যের সঙ্গে বাংলাদেশকে আরও সম্পৃক্ত করতে হবে। এ জন্য বিদেশি বিনিয়োগ দরকার। পদ্মা সেতু প্রসঙ্গ: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যালেন গোল্ডস্টেইন বরাবরের মতো বলেন, তাঁর কাছে কোনো নতুন খবর নেই। স্বাধীন বিশেষজ্ঞ দল নিজেদের সময়সীমা অনুযায়ী কাজ করছে। এই দলের প্রতিবেদন পাওয়ার পর বিশ্বব্যাংক অন্য সহ-অর্থায়নকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।