বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। তা না হলে আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা (৭ দশমিক ৩ শতাংশ) অর্জন করা সম্ভব হবে না। এই অবস্থায় বেসরকারি খাতে বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করার দিকে আগে জোর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।
প্রতিবন্ধকতা হিসেবে তাঁরা ব্যাংকঋণের চড়া সুদের হার ও করপোরেট করের উচ্চ হারকে যেমন চিহ্নিত করেছেন, তেমনি উল্লেখ করেছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতির বিষয়টিও।
উল্লেখ্য, বর্তমানে ব্যাংকঋণের গড় সুদের হার ১৩ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের জুলাই মাসে ছিল ১৩ দশমিক ৬৩ শতাংশ। আবার করপোরেট করের হার গড়ে ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে ৪২ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাজেট ২০১৪-১৫: ব্যবসায়ীদের দৃষ্টিভিঙ্গ’ শীর্ষক এক আলোচনায় গতকাল রোববার এসব বিষয় উঠে আসে।
রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে গতকাল এই আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া এ রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও এমসিসিআইয়ের সদস্য আদিব এইচ খান।
আলোচনায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস উদ দৌলা বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে চাঙা করতে বেসরকারি বিনিয়োগের বিকল্প নেই। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ-সুবিধা প্রদানের ওপর গুরুত্ব দেন তিনি।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, দেশে অধিকাংশ পাটকল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে এসব পাটকলে কর্মরত শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন। এসব পাটকল আবার চালু করা গেলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। উল্লেখ্য, গত তিন বছরে মোট ৪০টি পাট ও পাটসুতা কল বন্ধ হয়েছে।
এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর কমানোর দাবি জানান। তিনি বলেন, বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪২ শতাংশ হারে কর আরোপ করা রয়েছে। এটা কমালে ব্যাংকের সক্ষমতা বাড়বে। ব্যাংকগুলো তাদের শেয়ারধারীদের আরও বেশি লভ্যাংশ দিতে পারবে।
বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে আনিস এ খান বলেন, প্রতিটি ব্যাংকেরই মন্দা ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয়। সে ক্ষেত্রেও সাড়ে ৪২ শতাংশ কর প্রযোজ্য। তাই ব্যাংককে অতিরিক্ত বোঝা টানতে হচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, গত অর্থবছরে দেশে বেসরকারি বিনিয়োগ অনেক কমে যাওয়ায় জিডিপিতে এর একটা প্রভাব পড়েছে। জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অংশ ২০১৩-১৪ অর্থবছরে দাঁড়িয়েছে ২১ দশমিক ৭৫ শতাংশ, যা আগের বছর ছিল ২২ দশমিক ৫০ শতাংশ।
মির্জ্জা আজিজ বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর দিকে বেশি নজর দেওয়ায় গুরুত্বারোপ করে বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত হলো জীবনযাত্রার নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা। আবার দুর্নীতির প্রকোপও আছে।
মির্জ্জা আজিজের মতে, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুন থেকে ডিসেম্বর) দেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার কারণে জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়। এতে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যায়। তবে দ্বিতীয়ার্ধ অর্থাৎ গত জানুয়ারি থেকে রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় স্থিতিশীলতা ফিরে এসেছে। সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার এবং এতে উদ্যোক্তারা বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে মনে করেন তিনি।
আলোচনার প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, গত অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা কমে যাওয়ার প্রধান কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। তাঁর মতে, অর্থবছরের প্রথম ছয় মাস ‘অর্থনীতির গলা চেপে ধরা হয়েছিল’। তবে বর্তমানে আইনের মধ্যে থেকে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
এম এ মান্নান বলেন, ‘আমরা অবশ্যই ব্যবসাবান্ধব সরকার। দেশে যাতে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই কাজ আমরা করছি।’