বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জমা দিল স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ১০০ কোটি টাকার বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জমা দিল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। গত ৫ আগস্ট ব্যাংকটির পক্ষ থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এই তথ্য জমা দেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, গত রোববার স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ ফারুকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিনিয়োগ-সংক্রান্ত তথ্য এসইসিতে জমা দেওয়া হয়।চিঠিতে বলা হয়, ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান এআরসি সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে সংবাদপত্রে ঘোষিত বিনিয়োগ সম্পাদন করা হবে।’ এ ছাড়া বিনিয়োগ করা অর্থ সুনির্দিষ্ট সিকিউরিটিজ হাউসে জমা করা হয় বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।এর আগে গত ৩১ জুলাই অর্থাত্ এসইসির বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই পুঁজিবাজারে এক হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জমা দেয় অন্য চারটি ব্যাংক। এর মধ্যে এনসিসি ব্যাংক ১০০, এক্সিম ব্যাংক ২০০, ন্যাশনাল ব্যাংক (এনবিএল) ৩০০ এবং পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য জমা দেয়। পাশাপাশি ব্যাংকগুলো কোন কোন সিকিউরিটিজ হাউসের মাধ্যমে তাদের বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে, ঘোষণাকৃত বিনিয়োগের সমপরিমাণ অর্থ ওই সিকিউরিটিজ হাউসে জমা দেওয়া হয়েছে কি না এবং কত দিনের মধ্যে ঘোষিত বিনিয়োগ সম্পন্ন করা হবে, সে তথ্য ব্যাংকগুলো জমা দেয়।এদিকে এসইসির ৪৪০তম কমিশন সভায় পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার ক্রয় বা বিনিয়োগ-সংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এ পাঁচটি ব্যাংকের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।এর আগে গত ২৩ জুলাই পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এসইসি একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে ব্যাংকগুলোর ঘোষিত বিনিয়োগ-সংক্রান্ত তথ্য ৩১ জুলাইয়ের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়।