বিআইবিএমের আয়োজনে দুই দিনের বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু
বিনিয়োগ স্থবিরতায় ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য
অতিরিক্ত তারল্যের কারণে ২০১৪ সালটি মুদ্রাবাজারের জন্য ভালো ছিল না। বিনিয়োগের অভাবে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য জমে ছিল। ব্যাংকগুলোকে অর্থ বিনিয়োগের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। সব মিলিয়ে গত বছর অতিরিক্ত তারল্যই ছিল ব্যাংক খাতের প্রধান সমস্যা।
বার্ষিক ব্যাংকিং সম্মেলনে মূল প্রবন্ধে এভাবেই ‘২০১৪ সালের ব্যাংক কার্যক্রম’ সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল রোববার প্রতিষ্ঠানটির মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এ প্রবন্ধ উপস্থাপন করেন।
রাজধানীর মিরপুরে বিআইবিএমের নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
মূল প্রবন্ধে বিগত বছরের ব্যাংকিং খাতের পরিস্থিতি সম্পর্কে আরও বলা হয়, ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকলেও বেসরকারি খাতে বিনিয়োগে ছিল মন্দাভাব। এ কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। আবার বাংলাদেশ ব্যাংকের পরিপূর্ণ নিয়ন্ত্রণে না থাকায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে।
এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতের অনিয়ম বিষয়ে বলেন, কয়েকটি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বলতার কারণে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের তদারকি কৌশলে পরিবর্তন আনা হয়েছে।
দুই দিনের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক শাহ আহসান হাবিব। এ ছাড়া স্কাইপের মাধ্যমে বক্তব্য দেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফিন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক অ্যানড্রেস এমসার। জার্মানভিত্তিক এ প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে একটি সার্টিফিকেট কোর্স চালুর কথা জানিয়েছে বিআইবিএম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের প্রথম দিনে দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতে আর্থিক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর মোট ১২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিদেশে অর্থ পাচার: প্রথম কর্ম অধিবেশনে উপস্থাপিত ‘বিদেশে অর্থ পাচার’ বিষয়ক এক প্রবন্ধে ওয়াশিংটন-ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য উল্লেখ করে বলা হয়, ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৮০৬ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে।
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের তথ্য তুলে ধরে প্রবন্ধে বলা হয়, ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের আমানতের পরিমাণ প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বর্তমানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা।