বিনিয়োগকারীরা হতাশ হওয়ায় বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। আজ রোববার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীদের কাছে প্রস্তাবিত বাজেট নিয়ে জানতে চাইলে তাঁরা এই হতাশা প্রকাশ করেন। এর আগে আজকের বড় দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেন তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট পেশের পর আজ প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় দরপতন ঘটে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ১৪৫ পয়েন্ট কমে ৩৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সাধারণ মূল্যসূচক কমেছে ১৬৭ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩০০ কোটি টাকা কম।ডিএসইর পাশাপাশি সিএসইতেও বড় দরপতন হয়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৪৪৩ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।এদিকে, আজকের এই দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন বেশ কিছু বিনিয়োগকারী। তাঁরা অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে কথা বললে প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁদের হতাশার বিষয়টি উঠে আসে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুখবর নেই। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ বরাদ্দ থাকবে। কিন্তু বাস্তবে তা নেই। বাজেটে যেসব ঘোষণা এসেছে, তা কেবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছুই নেই।’ ডিএসই কর্তৃপক্ষ অর্থমন্ত্রীর সঙ্গে তাল মেলাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।মো. পলাশ নামের এক বিনিয়োগকারী বলেন, ‘বাজেটের পর ডিএসই এক কথা বলছে, আর সিএসই বলছে আরেক কথা। ডিএসই বলছে, বাজেট পুঁজিবাজারবান্ধব। আর সিএসই বলছে, গতানুগতিক। তাহলে আমরা কোন দিকে যাব?’ মো. ইশতিয়াক নামের আরেক বিনিয়োগকারী বলেন, ‘আমাদের মনে হয়েছে, অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে আন্তরিক নন। তাঁর অনেকটা গা ছাড়া ভাব।’ তিনি বলেন, ‘আমরা ভিক্ষা চাই না। আমরা বাজার নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা চাই।’আলমগীর নামের আরেক বিনিয়োগকারী বলেন, বাজেটে বিনিয়োগকারীদের আশার প্রতিফলন হয়নি, যার প্রভাব আজকের বাজারে পড়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, বাজেটে পুঁজিবাজারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থোক বরাদ্দ থাকবে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। তাই বিনিয়োগকারীরা আশাহত হয়েছেন। এর ফলে আজ বাজারে বড় দরপতনের ঘটনা ঘটে।’ বাজেট নিয়েও একধরনের ‘গ্যাম্বলিং’ বা কারসাজি চলছে বলেও অভিযোগ করেন এই বিনিয়োগকারী।এসব বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, এবারের বাজেটে বিনিয়োগকারীরা আরও ভালো কিছু আশা করেছিলেন। কিন্তু তাঁদের সে আশা পূরণ হয়নি। যেসব প্রণোদনা দেওয়া হয়েছে, তা একান্তই প্রান্তিক হওয়ায় বিনিয়োগকারীরা আশাহত হয়েছেন, যার প্রভাবে আজ বাজারে বড় দরপতনের ঘটনা ঘটে।