বিনিয়োগের উৎপাদনশীলতা ছাড়া প্রবৃদ্ধি বাড়বেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের বছরে সরকারের  সুযোগসন্ধানী নীতির প্রতিফলন ঘটেছে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে।
প্রস্তাবিত বাজেটে থোক বরাদ্দ প্রায় সাড়ে তিন গুণ বাড়িয়ে এক হাজার ৮৭৭ কোটি টাকা রাখা হয়েছে। বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এই থোক বরাদ্দের পরিমাণ ছিল ৪২৩ কোটি টাকা।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ তাদের দ্রুত বাজেট পর্যালোচনায় এই পর্যবেক্ষণ তুলে ধরেছে।
এতে আরও বলা হয়েছে, আগামী অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ, যা বর্তমান বাস্তবতায় অর্জনযোগ্য নয়। আর গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ২০১০-১১ অর্থবছরে, যার হার ৬ দশমিক ৭১ শতাংশ।
বিনিয়োগ মন্দাবস্থাকে প্রবৃদ্ধির প্রধান অন্তরায় চিহ্নিত করে উন্নয়ন অন্বেষণ বলছে, ‘ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত’ বা (আইসিওআর) ২০১১-১২ অর্থবছরে ৪ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ২০১২-১৩ অর্থবছরে ৪ দশমিক ৪৪ শতাংশে দাঁড়িয়েছে।

অথচ জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশ হওয়ার জন্য আইসিওআর ৪ শতাংশ হওয়া প্রয়োজন। সে হিসাবে আইসিওআর আরও না কমলে অর্থাৎ বিনিয়োগের উৎপাদনশীলতা না বাড়লে প্রবৃদ্ধি ওপরের দিকে যাবে না বলেও মনে করে প্রতিষ্ঠানটি।

উন্নয়ন অন্বেষণের প্রাক্কলন অনুসারে, সরকারের ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে ৩২ দশমিক ০৫ শতাংশ হারে বিনিয়োগ দরকার। অথবা আইসিওআর ৩ দশমিক ৭৩ শতাংশে নামাতে হবে।

প্রতিষ্ঠানটি আরও বলছে, বর্তমানে সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য বেড়ে যাওয়ায় পুঁজি বহির্গমনের মাত্রা বেড়ে গেছে।

বাংলাদেশের প্রবৃদ্ধি মূলত ভোগনির্ভর—এ তথ্য উল্লেখ করে উন্নয়ন অন্বেষণ বলেছে, জিডিপির শতকরা হিসাবে পরিবারের চূড়ান্ত ভোগ ব্যয় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশে বেশ বেশি। বাংলাদেশের ক্ষেত্রে এ হার ৭৮ শতাংশ এবং ভারত ও চীনে যথাক্রমে ৫৯ এবং ৩৪ শতাংশ।

উন্নয়ন অন্বেষণ বর্তমান সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে আর্থিক ও রাজস্বনীতির মধ্যে সামঞ্জস্য বিধানের সুপারিশ করছে। কারণ, সংকোচনমূলক নীতি বিনিয়োগ চাহিদা কমিয়ে উৎপাদন হ্রাস করছে। এ কারণে প্রবৃদ্ধি যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।