বিনিয়োগ আকর্ষণে নতুন সমস্যা যুক্ত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আসিফ এ চৌধুরী সহ–সভাপতি জাপান–বাংলাদেশ চেম্বার
আসিফ এ চৌধুরী সহ–সভাপতি জাপান–বাংলাদেশ চেম্বার

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন  বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন, ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও জাপান–বাংলাদেশ চেম্বারের সহসভাপতি আসিফ এ চৌধুরী।
সাক্ষাৎকারগুলো নিয়েছেন শুভংকর কর্মকার ও রাজীব আহমেদ

প্রথম আলো: চলতি মাসে গুলশানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনায় বিদেশিসহ ২০ জন নিহত হলেন। এ ঘটনা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?

আসিফ এ চৌধুরী: বিদেশিরা কোনো দেশে বিনিয়োগের আগে সেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে। সম্প্রতি বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সারা বিশ্বে তা নেতিবাচকভাবে প্রচার পেয়েছে। অবশ্যই, এখন থেকে একজন বিনিয়োগকারী নিরাপত্তার দিকটি বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রথম আলো: তাৎক্ষণিক প্রভাব কতটুকু? তারা কি এ দেশ থেকে এখনই চলে যাওয়ার কথা ভাববে?

আসিফ এ চৌধুরী: না, তাৎক্ষণিকভাবে হয়তো কিছু হবে না। তবে বিদেশিরা বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখবে। তারপর সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

প্রথম আলো: বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোসহ নানা সংকট আছে। এসব সমস্যার মধ্যে জঙ্গিবাদের উত্থানের ঘটনা কি নতুন মাত্রা যোগ করবে?

আসিফ এ চৌধুরী: বিনিয়োগের বিদ্যমান সমস্যাগুলোর সঙ্গে একটি নতুন সমস্যা হিসেবে যুক্ত হলো জঙ্গিবাদ। অবকাঠামো, গ্যাস-বিদ্যুৎ সমস্যায় বিনিয়োগকারীরা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। কিন্তু নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের ওপর বর্তায়। আমার মনে হয়, গুলশানের ঘটনার পর সরকার নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে। আমরা ব্যবসায়ী মহল থেকে চাচ্ছি, নতুন করে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে।

প্রথম আলো: গুলশান হামলার পরে জাপান সরকার অথবা ওই দেশের ব্যবসায়ীদের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন?

আসিফ এ চৌধুরী: ৭ জুলাই জাপান-বাংলাদেশ চেম্বার থেকে একটি প্রতিনিধিদল নিয়ে আমরা ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। আমরা বলেছি, জঙ্গিরা বাংলাদেশি, তবে আমরা তাদের নিজেদের বলে মনে করি না। আমরা আশা করব, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী ছিল এবং থাকবে। বাংলাদেশে যেসব জাপানি নাগরিক কাজ করেন, তাঁরা মূলত কর্মী। যেকোনো সিদ্ধান্ত নেয় মূল কার্যালয়। তবে জাপানিরা চলে যাচ্ছি, চলে যাব—এমন কিছু আমাদের বলেননি।

প্রথম আলো: আমরা দেখলাম, এখন পর্যন্ত দুটি ঘটনায় এ দেশে আসা বেশ কয়েকজন জাপানি নাগরিক আক্রান্ত হয়েছেন। তাঁরা (জাপানিরা) বিষয়টি কীভাবে দেখছেন?

আসিফ এ চৌধুরী: দুর্ভাগ্যজনকভাবে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার দিনে সেখানে বেশ কয়েকজন জাপানি নাগরিক ছিলেন। তাতে সাত জাপানি নাগরিক নিহত হয়েছেন। জাপানিরা এটা দুর্ঘটনাই মনে করেন।

প্রথম আলো: জাপান বিনিয়োগের জন্য চীনের বাইরে আরও দেশ খুঁজছে। এ ক্ষেত্রে তাদের পছন্দে বাংলাদেশ ছিল...

আসিফ এ চৌধুরী: বিনিয়োগের জন্য জাপানিরা ‘চায়না প্লাস টু’ নীতি নিয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার তাদের পছন্দের তালিকায় আছে। গুলশান হামলার পর এ ক্ষেত্রে একটু ‘স্লো ডাউন’ (গতি কমে যাওয়া) হতে পারে। তবে মনে হয় না যে, বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে।