বিনিয়োগ আকর্ষণে বড় প্রতিনিধিদল জাপান যাচ্ছে
বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল জাপান যাচ্ছে কাল সোমবার। প্রতিনিধিদলটি জাপানের রাজধানী টোকিও এবং ওসাকায় দুটি বিনিয়োগ সেমিনার ও একটি সংলাপে অংশ নেবে।
প্রতিনিধিদলের চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে গতকাল শনিবার ঢাকার কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাশ চন্দ্র মণ্ডলসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম।
নাভাশ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে জানান, সরকারি–বেসরকারি ৫৫ জন প্রতিনিধি জাপান যাবেন।