বিনিয়োগ আনতে 'বানতোরা কুন'

জাপানি ভাষায় বাঘকে বলা হয় তোরা, এর আগে বাংলাদেশের ‘বান’ শব্দটা বসিয়ে গঠন করা হয়েছে নতুন শব্দ ‘বানতোরা’। সেই সঙ্গে যোগ করা হয়েছে জাপানি শব্দ কুন; যার বাংলা অর্থ ভাই। নতুন শব্দ ‘বানতোরা কুন’-এর মানে দাঁড়ায় ‘বাংলাদেশি বাঘ ভাই’।
বানতোরা কুনকে নিয়ে এত ব্যাখ্যার কারণ, প্রতীকী এই বাঘ জাপানে বাংলাদেশের ভাবমূর্তি জোরদার করবে। আর বানতোরা কুনের প্রচারে উৎসাহী হয়ে জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াবেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল গণমাধ্যমের সামনে এসেছিল বানতোরা কুন। বাংলার এ বাঘ ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানটির আয়োজন করে জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (জেসিআইএডি)।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, জাপানে মাসকটভিত্তিক চরিত্রকে বলা হয় ইউরু-চারা; যা একটি নির্দিষ্ট স্থান বা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। যেহেতু বাঘ বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীক, সেহেতু ইতিবাচক ব্র্যান্ডিংয়ের জন্য বানতোরা কুন নামে দেশীয় বাঘের এই মাসকট বেছে নেওয়া হয়েছে।
বানতোরা কুন তিনটি উদ্দেশ্য সামনে রেখে কাজ করবে। একটি কাজ হলো জাপানে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ড অংশীদারত্ব বাড়াতে কার্ড, পোস্টার, ব্যাজ, স্টিকার, পোশাকে এটির উপস্থিতি নিশ্চিত করা। জাপান ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা বিপণনে বানতোরা কুন মাসকট হিসেবে ব্যবহার করা হবে; জাপানিরা যাতে বুঝতে পারে বাংলাদেশ মানেই একটি উদীয়মান বাঘ। দুই দেশের ব্যবসা-বাণিজ্যভিত্তিক যেকোনো অনুষ্ঠানে বানতোরা কুনকে উপস্থিত করা হবে।
বিনিয়োগের জন্য বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং করতে ‘বানতোরা কুন’ নামে এই বিশেষ প্রকল্প শুরু করেছে জেসিআইএডি। অন্য দেশের ব্যবসা ও ভাবমূর্তি বাড়াতে আরেকটি দেশের উদ্যোগ নেওয়ার অভিনব এ অনুষ্ঠানে মন্ত্রী ও রাষ্ট্রদূতসহ বাংলাদেশ ও জাপানের বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
বাঘের ডোরাকাটা হলুদ রঙের সঙ্গে জাপান-বাংলাদেশের বন্ধুত্বের স্মারক পোশাক পরে সবার সামনে আসে বানতোরা কুন। বানতোরা কুনের পরিচয় সম্পর্কে জানা গেল, সুন্দরবনে জন্ম নিলেও তিনি এখন ঢাকায় থাকেন। তাঁর প্রিয় উক্তি হলো ‘সমস্যা নেই’।
এই মাসকটটি তৈরি করেছেন বাংলাদেশের চিত্রশিল্পী নাজির হোসেন। তিনি বলেন, ‘আমার তৈরি মাসকট বাংলাদেশ-জাপানের ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে কাজ করবে, এটি আমার জন্য গর্বের।’
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জাপানের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে, সঠিক প্রচারণার অভাবে সেটি অনেক জাপানিই
জানেন না। ইতিবাচক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সেতুবন্ধ হিসেবে কাজ করবে ‘বানতোরা কুন’।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ জাপানের বিনিয়োগকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বাংলাদেশের ব্র্যান্ডিং করার দায়িত্ব জাপান নিজের কাঁধে নিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের।’
জেসিআইএডির সভাপতি তোশিয়া সানো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।