বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে পূর্বমুখী দৃষ্টিভঙ্গির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অগ্রগতিকে আরও এগিয়ে নিতে পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে। জাপান, চীনসহ অনেক দেশই এখন বাংলাদেশকে পূর্ণ ও আংশিক শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে। আবার বাংলাদেশে পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে জাপানের বিনিয়োগপ্রবাহ বৃদ্ধি করতে হবে। এ জন্য বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।
গতকাল সোমবার ‘পূর্বমুখী দৃষ্টিভঙ্গি: এশিয়ার অর্থনীতি সংহতকরণ ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও জাপানের কূটনীতিকেরা এসব কথা বলেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)।
সভার শুরুতেই জানানো হয়, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ায় পৃথিবীর মোট বাণিজ্যের ৪০ শতাংশ সম্পন্ন হয়। পৃথিবীর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩০ শতাংশ এখানে উৎপাদিত হয়। আর মোট জনসংখ্যার ৫০ শতাংশ বাস করে এই অঞ্চলে। আর বাংলাদেশ পশ্চিম ও পূর্ব এশিয়ার সংযোগে অবস্থিত, যা ভূরাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের এখন পূর্বমুখী হতেই হবে। জাপান আমাদের শুল্কমুক্ত পণ্যসুবিধা দিচ্ছে। চীনসহ পূর্ব এশিয়ার অনেক দেশও কিছু বাজারসুবিধা দিচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করতে হলে ১৬ দশমিক ২৮ শতাংশ শুল্ক দিতে হয়। তাহলে কেন আমরা পূর্বমুখী হব না?’
তোফায়েল বলেন, গোল্ডম্যান স্যাকসের মতো বিশ্বের বড় অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি বলছে, অথচ একটি দেশীয় গবেষণা প্রতিষ্ঠান শুধু নেতিবাচকভাবে বাংলাদেশের অর্থনীতিকে ব্যাখ্যা করছে। তবে তিনি ওই গবেষণা প্রতিষ্ঠানের নাম বলেননি।
বাণিজ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতির পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাপানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘জাপানিরা ভয় পান, তাঁরা দাঁড়ি-কমা দেখে অর্থনীতি বিশ্লেষণ করেন। জাপানিরা হরতাল দেখলে ভয় পান। হরতাল আইন করে বন্ধ করব না। অর্থনীতিকে বেগবান করলে হরতালের প্রভাব থাকবে না। এখানে হরতাল শুধু রাস্তায় হয়, কারখানায় হরতাল হয় না। কলকারখানায় উৎপাদন সব অবস্থাতেই সচল থাকে। এখানকার নিরাপত্তা ও সহনশীলতা সামাজিকভাবে অনেক বেশি।’
বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগের আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ। জাপানের ১২ হাজার কোম্পানি চীনে এবং আট হাজার কোম্পানি থাইল্যান্ডে বিনিয়োগ করেছে। আশা করি, আগামীতে জাপানি বিনিয়োগ বাংলাদেশেও বাড়বে।’
উল্লেখ্য, জাপানের ১৮২টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে।
জাপানে বাংলাদেশের পণ্যের বাজার ধরার বিশাল সুযোগ রয়েছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
অনুষ্ঠানের সহ-আয়োজক হলো ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট ফর আসিয়ান অ্যান্ড ইস্ট এশিয়া (ইআরআইএ), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।