বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূতকরণ–বিষয়ক প্রতিবেদন দাখিল
বিনিয়োগ ও শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ (প্রাইভেটাইজেশন) কমিশন এবং বিনিয়োগ বোর্ডকে একীভূত করার প্রস্তাব চূড়ান্ত করেছে এ-সংক্রান্ত সরকারি কমিটি। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি গত সপ্তাহে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটি দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের পর এটির নাম প্রস্তাব করেছে ‘বাংলাদেশ বিনিয়োগ ও শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ।’ তবে বেসরকারীকরণ কমিশন চাচ্ছে প্রস্তাবিত নতুন নামের শেষে ‘কমিশন’ শব্দটি যুক্ত রাখতে। এ জন্য সরকার গঠিত কমিটির প্রধানকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যোগাযোগ করা হলে মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব জমা দিয়েছি। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে ওই প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারে।’
জানা গেছে, কমিটি দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের যে প্রস্তাব করেছে তাতে জনবল কাঠামো ধরা হয়েছে ৪২১ জনের। দুই প্রতিষ্ঠানের বিদ্যমান কাঠামো বহাল রেখে ৫০টি নতুন পদ তৈরি করে এই জনবলের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দুই প্রতিষ্ঠান মিলিয়ে ৩৭১ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে বিনিয়োগ বোর্ডে ২৯৬ জন ও বেসরকারীকরণ কমিশনে ৭৫ জন।
বর্তমানে বিনিয়োগ বোর্ডে নির্বাহী চেয়ারম্যান ও বেসরকারীকরণ কমিশনে চেয়ারম্যানের শীর্ষ দুটি পদ রয়েছে। এর মধ্যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ মন্ত্রী এবং বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান প্রতিমন্ত্রী পদমর্যাদা ভোগ করছেন। কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ে পদ থাকবে একটি। তাতে চেয়ারম্যানের ওই পদটিকে মন্ত্রী এবং সদস্যদের সচিব বা অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনের কাজে গতি আনার লক্ষ্যে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুই সংস্থাকে একীভূত করার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসরকারীকরণ কমিশনের সদস্যদের অন্তর্ভুক্ত করে ৩০ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ হয়। চার মাস পর কমিটি চলতি মাসে তাদের প্রতিবেদন দাখিল করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনের কর্মকাণ্ডে একধরনের স্থবিরতা বিরাজ করছে। নিয়মিত কাজের বাইরে গত পাঁচ বছরে বলতে গেলে এই দুই সংস্থার উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ডই চোখে পড়েনি। এর ফলে এসব সংস্থার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন দেখা দেয়। এমনকি সরকারের একাধিক মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে কাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালনা করতে না পেরে একপর্যায়ে বেসরকারীকরণ কমিশন টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন প্রশ্ন তোলেন।
তবে দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আবদুল জলিল গতকাল প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ বস্তুনিষ্ঠ নয়। কারণ দুই প্রতিষ্ঠানের কাজের ধরনে ব্যাপক ভিন্নতা রয়েছে। এ ছাড়া বিনিয়োগ ও বেসরকারীকরণের সঙ্গে শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন প্রতিষ্ঠান করার পর এই দুটি মন্ত্রণালয়ের অবস্থান কী হবে সেসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।
মির্জা জলিল আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠান দুটির প্রতিবদ্ধকতা দূর করার ব্যবস্থা না করে একীভূত করা হলে সেটি খুব বেশি কার্যকর হবে না।
জানা গেছে, সরকারি গুরুত্বপূর্ণ এই দুটি সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রেষণে আসা কর্মকর্তারা। কর্মচারী পর্যায়ে নিজস্ব জনবল থাকলেও উচ্চপর্যায়ের অধিকাংশই প্রেষণে নিযুক্ত। সংস্থা দুটির কর্মকাণ্ডের স্থবিরতার এটিও একটি বড় কারণ বলে মনে করা হয়।
বেসরকারীকরণকে উৎসাহিত করতে ১৯৯৩ সালে তৎকালীন বিএনপি সরকারের শাসনামলে বেসরকারীকরণ বোর্ড প্রতিষ্ঠা করা হয়। ২০০০ সালে এটিকে কমিশনে রূপ দেওয়া হয়। রাজধানীর সচিবালয়সংলগ্ন পরিবহন পুল ভবনে বর্তমানে কমিশন কার্যালয় অবস্থিত। বোর্ড ও কমিশন মিলিয়ে এই সংস্থাটি ৭৫টিরও বেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর করেছে। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কমিশনের কাজ বলতে গেলে স্থবির হয়ে পড়ে। এ সময় বেসরকারীকরণ নিয়ে কমিশন শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। এভাবেই কেটে যায় সরকারের পুরো পাঁচটি বছর। ওই পাঁচ বছরে ১১টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই যেগুলোর বেসরকারীকরণ প্রক্রিয়া গুছিয়ে রাখা হয়েছিল।
অন্যদিকে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ১৯৮৯ সালে বিনিয়োগ বোর্ড গঠন করা হয়। সংস্থাটির অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ২৯৬টি। কর্মকর্তাদের বেশির ভাগই প্রেষণে নিযুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজধানীর দিলকুশায় জীবন বিমা ভবনের বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয়। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে বিভাগীয় কার্যালয় রয়েছে। ২০০৯ সালের পর থেকে এটিরও উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ডই চোখে পড়েনি। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিনিয়োগ বোর্ডে যে একীভূত সেবা বা ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছিল সমন্বয়হীনতায় সেটির কার্যক্রমও একপ্রকার স্থবির হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান একাধিক আলোচনায় প্রতিষ্ঠানটির নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।