বিনিয়োগ করতে আগ্রহী ইরান
চট্টগ্রামে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) স্টেশন স্থাপনে বিনিয়োগ করতে চায় ইরান সরকার। একই সঙ্গে ইরানের চাবাহার সমুদ্রবন্দরের পাশের শিল্পাঞ্চলে বাংলাদেশ ও ইরানের যৌথ বিনিয়োগে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি এসব কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম চালুর বিষয়ে মতৈক্য হয়। এ ছাড়া বাংলাদেশে সরকারি পর্যায়ে ইউরিয়া সার আমদানির আগ্রহ দেখান শিল্পমন্ত্রী। তখন রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি জানান, ইরান এতে সম্মত আছে। এ সময় শিল্পমন্ত্রী এক মাসের মধ্যে প্রক্রিয়াটি শুরু করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। একই সঙ্গে রাষ্ট্রদূতকে এলএনজি স্টেশনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি সমন্বিত প্রস্তাব দিতে বলেন শিল্পমন্ত্রী।
বিজ্ঞপ্তি