বিনিয়োগ করলে জাপান সহায়তা পাবে
জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী ঘটনা দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। বর্তমানে জাপানের নাগরিকদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার প্রশংসা করেছে জাপান। জাপানের নাগরিকেরা স্বাভাবিকভাবেই কাজ করছেন বাংলাদেশে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন, দক্ষিণ কোরিয়া, ভারতের মতো জাপানও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জাপানের ২৪০টির বেশি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। জাপানে বাংলাদেশের রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেলেও দেশটি থেকে বাংলাদেশের আমদানি ১৬০ কোটি ডলারের পণ্য।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশে এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। কালো অন্ধকারটা কেটে গেছে।’
রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক খুবই ভালো। জাপানের নাগরিকেরা স্বাভাবিকভাবেই কাজ করছেন বাংলাদেশে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
রাজনৈতিক প্রসঙ্গ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে এবং পরে দেখা যাবে যেটাকে বিতর্কিত করেছেন, তার অধীনেই তাঁরা নির্বাচনে গেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে। এখন আমরা কোথা থেকে লোক খুঁজে আনব। মহামান্য রাষ্ট্রপতি যেটা করেছেন, তার বিরোধিতা করা বিএনপির জন্য উচিত হয়নি।’
আওয়ামী লীগ আবার ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় বলে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ঠিক নয় জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আগের নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির কত ক্ষতি হয়েছে বিএনপি প্রকাশ না করলেও মর্মে মর্মে তারা উপলব্ধি করছে। আমাদের সঙ্গে যখন ব্যক্তিগত আলাপ-আলোচনা হয়, তখন বিএনপির নেতারা ঠিকই বলেন যে কী ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। এবারের নির্বাচন তাঁদের করতে হবে। নির্বাচন না করলে তাঁদেরই ক্ষতি হবে।’
বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, আবার কি তারা সেই ২০১৪ সালের মতো করবে? নির্বাচন তো হবেই বাংলাদেশে। সে জন্য আওয়ামী লীগ, বিএনপিসহ সবারই সতর্কতার সঙ্গে কথা বলা উচিত।