বিনিয়োগ বাড়াতে প্রয়োজন নীতি ও কর সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ সালের বাজেটকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগবান্ধব বলে অভিহিত করেছে বহুজাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস বা পিডব্লিউসি। এ জন্য কিছু নীতি ও কর সহায়তা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার গুলশানে পিডব্লিউসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়।

পিডব্লিউসি বলছে, বিদ্যুৎ খাতে সহযোগী প্রতিষ্ঠান থেকে মূল প্রতিষ্ঠানে লভ্যাংশ স্থানান্তরের ক্ষেত্রে কয়েক দফা কর দিতে হয়। এ বহু কর ব্যবস্থার পরিবর্তে একবার কর আদায় ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া দরকার।

এ ছাড়া করপোরেট কর হার কমানো এবং বিদেশি কারিগরি সহায়তা ও ব্র্যান্ড রয়্যালটি বাবদ অর্থ প্রেরণের ক্ষেত্রে যে সীমা আরোপিত রয়েছে, তা বাড়ালে বিদেশি বিনিয়োগ বাড়বে।

সংবাদ সম্মেলনে পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ বলেন, ‘বাজেটের সঙ্গে সঙ্গে অর্থনীতির আকারও বড় হয়েছে অনেক। বাজেট ও অর্থনীতি কতটা বড় হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কর কাঠামো, কর প্রশাসন ও সরকারের লোকজন কতটা বিনিয়োগবান্ধব। বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার বিনিয়োগ ও উৎপাদনবান্ধব পরিবেশ।

পিডব্লিউসি বাংলাদেশের পার্টনার সুস্মিতা বসু বলেন, দীর্ঘ মেয়াদে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) টেকসই প্রবৃদ্ধিকে মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তৈরি পোশাক খাতের করপোরেট কর হার কমানোর ফলে এ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে বলে মনে করছেন সুস্মিতা বসু। তৈরি পোশাক খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে উৎসে কর হার দশমিক ৭০ শতাংশ বহাল রাখার পরামর্শ দেন তিনি।

বাজেটে প্রস্তাবিত কর কাঠামোর ফলে দেশীয় সিরামিক ও ব্যাটারি শিল্প উপকৃত হবে বলে জানান পিডব্লিউসির কর্মকর্তারা।

শুল্ক কাঠামোর মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন সেট, মোটরসাইকেল, কম্পিউটার, ল্যাপটপ যাতে দেশে প্রস্তুত করা হয় সেই চেষ্টা করা হয়েছে এবারের বাজেটের মাধ্যমে। 

সংস্থাটি আরও বলছে, রপ্তানির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট আইনের আওতাভুক্ত করা হয়েছে। ভ্যাটের হার অভিন্ন করা হয়েছে। এতে কিছু পণ্যের দাম বাড়বে। আবাসন খাতেও ভ্যাটের নেতিবাচক প্রভাব পড়বে। কারণ রডসহ নির্মাণসামগ্রীর দাম বাড়বে।

ব্যাংকে এক লাখ টাকার বেশি আমানত রাখলে তার ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব নিয়ে খুব বেশি আপত্তি না থাকলেও পিডব্লিউসি বলছে, এবারের বাজেটে এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এটা খুবই ভালো দিক। 

সংবাদ সম্মেলনে বাজেটের কর প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির পরিচালক কপিল বসু, ব্যবস্থাপক প্রবীর মিত্র প্রমুখ।