বিনিয়োগ বাড়ানোর উপায় অস্পষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার অর্থনীতির গতি বাড়াতে চায়৷ এ জন্য অর্থনীতির স্বীকৃত সূত্র হলো বিনিয়োগ বৃদ্ধি৷ তাই আগামী অর্থবছরে সরকার বড় বিনিয়োগ প্রত্যাশা করছে। তবে সরকার নিজে যা-ই বিনিয়োগ করুক না কেন, বেসরকারি খাতের কাছ থেকে কী পরিমাণ বিনিয়োগ প্রত্যাশা করছে, তা সুস্পষ্টভাবে বাজেটে উল্লেখ নেই।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে এই পর্যবেক্ষণ তুলে ধরেছে৷ প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৩ শতাংশে উন্নীত করতে হলে কী পরিমাণ বিনিয়োগ অথবা বিনিয়োগের উৎপাদনশীলতা কতখানি বাড়াতে হবে, প্রস্তাবিত বাজেটে তা স্পষ্টভাবে বলা হয়নি৷ একইভাবে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয় কৌশল বা উপায়ও অনুপস্থিত।
চলতি অর্থবছরের জিডিপির পরিমাণ সাত লাখ ৭৪ হাজার ৫৩৯ কোটি টাকা (৯ হাজার ৮০৪ কোটি ডলার; প্রতি ডলার ৭৯ টাকা দর ধরে)৷ এটি ৭ দশমিক ৩ শতাংশ হারে বাড়লে আগামী অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির মূল্যমান দাঁড়াবে আট লাখ ৩১ হাজার ৮০ কোটি টাকা৷ এগুলো ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে ও স্থিরমূল্যে হিসাব করা হয়েছে, যেন আগের বছরগুলোর সঙ্গে তুলনা করা সহজ হয়।
তবে বাজেট ব্যয়ের বিভিন্ন দিকের সঙ্গে জিডিপির তুলনা করার জন্য চলতি মূল্য বা প্রতি অর্থবছরের বাজারমূল্য হিসেবে নেওয়া হয়৷ কেননা, বাজেট করা হয় চলতি মূল্যে। চলতি মূল্যে ২০১৩-১৪ অর্থবছরের জিডিপি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ৯২০ কোটি টাকা। আর একই সময়ে মোট দেশজ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার ৫১৪ কোটি টাকা।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এসব তথ্য তুলে ধরা বলা হয়েছে, চলতি অর্থবছর জিডিপিতে মোট দেশজ বিনিয়োগের অনুপাত দাঁড়িয়েছে ২৮ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরে ১০০ টাকা জিডিপির জন্য ২৮ টাকা ৬৯ পয়সা বিনিয়োগ করতে হয়েছে৷ ভারতে এই হার ৩৫ শতাংশ৷
এ অবস্থায় উন্নয়ন অন্বেষণ হিসাব করে দেখেছে, ৭ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হলে বিনিয়োগকে জিডিপির ৩৪ দশমিক ২৪ শতাংশে উন্নীত করতে হবে৷
অন্যভাবে বললে, ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত (আইসিওআর) হতে হবে ৪ দশমিক ৬৯ পয়েন্টে৷ আইসিওআরের মানে হলো প্রতি একক জিডিপি বৃদ্ধির জন্য কত একক পঁুজি বিনিয়োগ প্রয়োজন, তার পরিমাপ। তাই সহজভাবে এভাবে বলা যায় যে জিডিপির প্রবৃদ্ধি এক টাকা বাড়ানোর জন্য চার টাকা ৬৯ পয়সা বিনিয়োগ করতে হবে।
সমস্যা হলো, বিনিয়োগ যদি কাঙ্ক্ষিত মাত্রায় না হয়, তা হলে প্রবৃদ্ধিও আশানরূপ হবে না৷ উন্নয়ন অন্বেষণ এ ক্ষেত্রে একটি চরম অবস্থা বিবেচনা করেছে৷ আর তা হলো নতুন বছরে বিনিয়োগের পরিমাণ আগের বছরের মতোই অপরিবর্তিত থাকা।
প্রতিষ্ঠানটি বলছে, বিনিয়োগের পরিমাণ অপরিবর্তিত থেকেও যদি প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশে উন্নীত করতে হয়, তাহলে আইসিওআর হতে হবে ৩ দশমিক ৯৩ পয়েন্ট৷ অর্থাৎ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তা এতটা দক্ষতার সঙ্গে করতে হবে যে তুলনামূলক কম বিনিয়োগে বেশি প্রবৃদ্ধি পাওয়া যাবে৷ একে বলা হয় বিনিয়োগের অধিকতর উৎপাদনশীলতা৷
তবে উন্নয়ন অন্বেষণ মনে করছে, অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে এটি অসম্ভব৷ কেননা, একদিকে রয়েছে অবকাঠামোর সীমাবদ্ধতা, অন্যদিকে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা৷ বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানির কিছু অপ্রতুলতা ও রেল-বন্দরের সমস্যা থাকায় অল্প বিনিয়োগে অধিকতর উৎপাদন প্রত্যাশা করা যায় না৷ ফলে বিনিয়োগের পরিমাণ অপরিবর্তিত থেকে উচ্চহারে প্রবৃদ্ধি হবে, এমনটাও প্রত্যাশা করার কোনো উপায় নেই।
আবার রাজনৈতিক অনিশ্চয়তা এখনো রয়ে গেছে উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, দেশের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বা আত্মবিশ্বাস এখনো কম৷ এ রকম একটা অবস্থায় তারা যে বিনিয়োগ অনেক বাড়াবে, সেটা প্রত্যাশা করা খুব কঠিন৷ আর ব্যক্তি খাতের বিনিয়োগ না বাড়লে সরকারি বিনিয়োগ দিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না।