বিনিয়োগ বৃদ্ধির নির্দেশনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ উৎসাহিত করতে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দিকনির্দেশনা নেই বলে মনে করছে রপ্তানিকারকের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। তাই সংগঠনটি বিনিয়োগ বৃদ্ধির জন্য বাজেটে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।
ইএবি বলেছে, বাজেটে রপ্তানি খাতের উৎসে কর দেড় শতাংশ করায় রপ্তানিমুখী শিল্পের স্বাভাবিক কার্যক্রম স্থবির হবে, সক্ষমতা কমবে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হতে পারে।
তৈরি পোশাক খাতের প্রাতিষ্ঠানিক (করপোরেট) কর ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করার বিষয়ে ইএবি বলেছে, উদ্যোক্তাদের দাবি অনুযায়ী তা ১০ শতাংশ করা হলে শিল্পের সক্ষমতা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ত।
এদিকে প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রণোদনা, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি হারে শুল্কায়ন সুবিধা, দক্ষ মানবসম্পদ গঠনে বরাদ্দ, অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও প্রি-ফেব্রিকেটেড বা ইস্পাতের ভবন তৈরির উপকরণ আমদানি শুল্ক রেয়াত দেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে রপ্তানিকারক সমিতি। বিজ্ঞপ্তি।